বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গত মঙ্গলবার রাতে লক্ষ্মীপুরের রায়পুরে সড়ক অবরোধ করেছে স্থানীয় জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০টার দিকে বিক্ষুব্ধ জনতা পৌর বাসস্ট্যান্ড এলাকায় রায়পুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কে টায়ার জ্বালিয়ে অবরোধ করে। আধা ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। পরে অবরোধকারীরা পৌর এলাকায় মিছিল করে। একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা নতুন বাজারে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালায়। পরে তারা টিসি সড়কে পল্লী বিদ্যুৎ সমিতির উপমহাব্যবস্থাপকের (ডিজিএম) বাসায় ইটপাটকেল নিক্ষেপ করে। পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, রায়পুর পৌরসভা ও ১০টি ইউনিয়নে প্রায় ২৬ হাজার গ্রাহক রয়েছেন। এ জন্য দৈনিক কমপক্ষে আট মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন। কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র এক থেকে দেড় মেগাওয়াট। এ জন্য লোডশেডিং দিতে হয়। রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের ডিজিএম মো. জাকির হোসেন বলেন, ‘বিক্ষোভকারীরা কার্যালয়ে হামলা করেছে। পরে আমার বাসায় হামলা চালিয়ে ভাঙচুর করে। এ নিয়ে থানায় মামলা করব।’ রায়পুর থানার এসআই শামছুল হক বলেন, বিক্ষুব্ধ জনতাকে বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়া হয়।