বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার টাঙ্গাইলের সখীপুর উপজেলার নলুয়া এলাকায় সড়ক অবরোধ করেন বিক্ষুব্ধ গ্রাহকেরা। এতে এ সড়ক দিয়ে চলাচলকারী যাত্রীদের ভোগান্তির শিকার হতে হয়।
বিক্ষুব্ধ গ্রাহক সূত্রে জানা গেছে, বিদ্যুতের ক্ষুব্ধ গ্রাহকেরা গতকাল সকাল ১০টা থেকে টানা তিন ঘণ্টা সখীপুর-ঢাকা ও নলুয়া-টাঙ্গাইল সড়ক অবরোধ করে রাখেন। এ সময় সড়কের দুই পাশে বহু যানবাহন আটকা পড়ে। উপজেলার যাদবপুর ইউনিয়নের ১০ গ্রামের ভুক্তভোগী বিদ্যুৎ গ্রাহকেরা এ অবরোধ কর্মসূচিতে অংশ নেন। এতে দুর্ভোগে পড়েন কর্মস্থলগামী যাত্রীরা। দুপুর একটার দিকে উপজেলা পরিষদের চেয়ারম্যান শওকত শিকদার, পিডিবির সখীপুরের নির্বাহী প্রকৌশলী মো. শাহাদত আলী, থানার ওসি মোহাম্মদ ইলিয়াছ নলুয়া এলাকায় গিয়ে আন্দোলনকারীদের প্রয়োজনমতো বিদ্যুৎ সরবরাহের ব্যবস্থা করার আশ্বাস দিলে তাঁরা অবরোধ তুলে নেন।