বিদ্যুতের দাবিতে সোনাইমুড়ীতে সড়ক অবরোধ
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় বিদ্যুতের দাবিতে গতকাল রোববার নোয়াখালী-কুমিল্লা সড়ক দুই ঘণ্টা অবরোধ করেন ক্ষুব্ধ গ্রাহকেরা। বেলা সাড়ে ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত এ অবরোধ চলে।এ সময় গ্রাহকেরা পল্লী বিদ্যুৎ সমিতির সোনাইমুড়ী আঞ্চলিক কার্যালয় ঘেরাও করেন এবং উপমহাব্যবস্থাপকসহ (ডিজিএম) সবাইকে অবরুদ্ধ করে রাখেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাসিনা বেগম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির ও স্থানীয় রাজনৈতিক নেতারা গ্রাহকদের বুঝিয়ে শান্ত করেন। অবরোধের কারণে অসংখ্য যানবাহন আটকা পড়ে। গ্রাহকদের অভিযোগ, দীর্ঘদিন ধরেই সোনাইমুড়ীতে তীব্র লোডশেডিং চলছে। বর্তমানে পরিস্থিতি খুবই ভয়াবহ। ২৪ ঘণ্টার মধ্যে গড়ে ১৮ ঘণ্টার বেশি লোডশেডিং করা হয়। এর আগে ১৩ মে সড়ক অবরোধ ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করলে প্রশাসন সরবরাহ বাড়ানোর আশ্বাস দিলেও অবস্থার কোনো উন্নতি হয়নি। এ কারণে বাধ্য হয়ে আবার তাঁরা রাস্তায় নেমেছেন।সূত্র জানায়, সোনাইমুড়ী ও চাটখিল উপজেলায় ৩৩ কেভিএ লাইন থেকে বিদ্যুৎ সরবরাহ করা হয়। দুই উপজেলার তিনটি সাবস্টেশনের মোট বিদ্যুতের চাহিদা দিনে ১২ মেগাওয়াট, রাতে ২১ মেগাওয়াট। সেখানে জাতীয় গ্রিড থেকে সরবরাহ করা হয় দিনে তিন মেগাওয়াট ও রাতে সাড়ে তিন-চার মেগাওয়াট।পল্লী বিদ্যুতের সোনাইমুড়ী আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম মো. শহিদ উল্লা প্রথম আলোকে জানান, জাতীয় গ্রিড থেকে সরবরাহ না বাড়ানো হলে তাঁর কিছুই করার নেই।