ট্রান্সফরমার স্থাপন ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গতকাল বৃহস্পতিবার খাগড়াছড়ির পানছড়ি উপজেলার কলাবাগান এলাকায় সড়ক অবরোধ করেছে স্থানীয় জনসাধারণ।
পানছড়ি সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাজির হোসেন বলেন, স্থানীয় জনগণ গতকাল সকাল ৮টার দিকে কলাবাগান এলাকায় সড়ক অবরোধ করে। এতে খাগড়াছড়ি-পানছড়ি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় সাধারণ মানুষ দুর্ভোগে পড়ে। পরে বিদ্যুৎ বিভাগ শুক্রবার সকাল ১০টার মধ্যে ট্রান্সফরমার স্থাপনের আশ্বাস দিলে বেলা ১১টার দিকে অবরোধ তুলে নেয় জনতা।
স্থানীয় ইউপি সদস্য হীরামতি বড়ুয়া বলেন, কলাবাগান এলাকার ট্রান্সফরমারটি চার দিন ধরে নষ্ট হয়ে পড়ে আছে। এ কারণে চার গ্রামের কয়েক হাজার মানুষ সীমাহীন দুর্ভোগের শিকার হচ্ছে। এর আগে গত ১৫ মে একই এলাকার ট্রান্সফরমারটি নষ্ট হয়ে যায়। পরে এলাকাবাসী ৭০ হাজার টাকা চাঁদা তুলে বিদ্যুৎ বিভাগের একজন লাইনম্যানের হাতে দিলে চট্টগ্রাম থেকে ট্রান্সফরমার এনে স্থাপন করা হয়।
কলাবাগানের আবির টেইলার্সের মালিক আরফ আলী বলেন, ‘চার দিন ধরে বিদ্যুৎ নেই। এ কারণে ঠিক সময়ে মানুষের ঈদের পোশাক ডেলিভারি দিতে পারছি না। তাই বাধ্য হয়ে রাস্তায় নেমেছি।’
পানছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের দায়িত্বে থাকা উপসহকারী প্রকৌশলী মো. আলাউদ্দিন সোহাগ বলেন, রাঙামাটি থেকে ট্রান্সফরমারটি এলে দ্রুত স্থাপন করা হবে। তিনি আরও বলেন, চট্টগ্রাম থেকে ট্রান্সফরমার আনার জন্য গ্রামবাসী স্বেচ্ছায় চাঁদা তুলে কিছু টাকা দিয়েছে।