বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাবিতে সৈয়দপুর শহরের কুন্দল মহল্লায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
বিদ্যুতের দাবিতে সৈয়দপুর শহরের কুন্দল মহল্লায় এলাকাবাসী সড়ক অবরোধ করে। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

বিদ্যুতের দাবিতে নীলফামারীর সৈয়দপুর শহরে কুন্দল মহল্লার বাসিন্দারা গতকাল মঙ্গলবার সড়ক অবরোধ করেন। বেলা ১১টা থেকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট সরকারি হাসপাতালের সামনে তাঁরা ওই অবরোধ করেন।
অবরোধে সৈয়দপুর শহর থেকে দিনাজপুরমুখী সড়কপথে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় অবরোধকারী রশিদুল ইসলাম বলেন, কুন্দল এলাকায় বন্যার পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় পাঁচ দিন ধরে বিদ্যুৎ নেই। বন্যার কারণে ঘরবাড়িতে বিষধর সাপ ঢুকে পড়ছে। বিদ্যুৎ না থাকায় চরম আতঙ্ক ও দুর্ভোগে পড়েছে মানুষ।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সৈয়দপুর বিতরণকেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (আবাসিক) মোহম্মদ আলী জিন্নাহ বলেন, ‘ওই এলাকায় ২৫০ কেভি ট্রান্সফরমার এরই মধ্যে বিকল হয়েছে। এ ধরনের ট্রান্সফরমার আমাদের সংগ্রহে নেই। তবে বিকল্প হিসেবে কুন্দলে ১০০ কেভি ট্রান্সফরমার যুক্ত করে আংশিক বিদ্যুৎ চালু করা হয়েছে। আমরা দ্রুত বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিচ্ছি।’
পরে বেলা দুইটার দিকে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বজলুর রশিদের মধ্যস্থতায় এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে। ইউএনও বলেন, বিদ্যুৎ বিভাগ আজকের (মঙ্গলবার) মধ্যেই এলাকায় বিদ্যুৎ সরবরাহ করবে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।