বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ
ফরিদপুরের মধুখালীতে বিদ্যুতের দাবিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। গতকাল রোববার বেলা ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ ও অবরোধ কর্মসূচি পালনকালে ঢাকা-খুলনা মহাসড়কে যানচলাচল বন্ধ ছিল।প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ‘বিদ্যুৎ গ্রাহক স্বার্থ রক্ষা কমিটি’র ব্যানারে আয়োজিত বিক্ষোভ ও অবরোধ কর্মসূচিতে বিদ্যুতের শত শত গ্রাহক অংশ নেন। ঘন ঘন লোডশেডিংয়ের প্রতিবাদে নিরবচ্ছিন্ন বিদ্যুতের সরবরাহ ও দুর্নীতিবাজ কর্মচারীদের প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালিত হয়। বিক্ষোভকারীরা ঢাকা-খুলনা মহাসড়কের বাম পাশে অবস্থিত মধুখালী উপজেলা পরিষদের কাছে বিদ্যুৎ অফিসের সামনে অবরোধ কর্মসূচি পালন করে। এ সময় মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ হয়ে যায়। অবরোধ চলাকালে ঢাকা-খুলনা মহাসড়কে দূরপাল্লার শত শত যানবাহন আটকা পড়ে যাত্রীসাধারণ চরম দুর্ভোগের শিকার হয়। বিক্ষোভ চলাকালে বক্তব্য রাখেন মধুখালী ওয়ার্কার্স পার্টির উপজেলা সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সাঈদ মিয়া, কেন্দ্রীয় ওয়ার্কার্স পার্টির সদস্য মনোজ কুমার সাহা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মির্জা মনিরুজ্জামান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আবুল কাশেম, মধুখালী বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান প্রমুখ। পরে বিক্ষোভ মিছিল করে উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান মিয়ার কাছে একটি সঞ্চারকলিপি দেওয়া হয়। উপজেলা চেয়ারম্যান মফিজুর রহমান জানান, মধুখালীর বিদ্যুতের পরিস্থিতি খুবই নাজুক। দিনের বেশির ভাগ সময়ই বিদ্যুৎ থাকে না।