বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় সড়ক অবরোধ করেছে স্থানীয় লোকজন। ক্ষুব্ধ লোকজন লক্ষ্মীপুর-চাঁদপুর, রায়পুর-ঢাকা সড়কের লেংড়া বাজার এলাকায় রাস্তার ওপর গাছের গুড়ি ও ইট ফেলে এবং টায়ার জ্বালিয়ে এ অবরোধ করে। অবরোধকারীরা নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে খণ্ড খণ্ড মিছিল করে। বাজারের ব্যবসায়ীরাও দোকান-পাট বন্ধ রেখে মিছিলে শামিল হন। অবরোধের কারণে শত শত বাস, মিনিবাস, ট্রাক, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। এতে দুর্ভোগে পড়ে যাত্রীরা। স্থানীয় লোকজন জানান, বিকেল চারটার দিকে অবরোধ শুরু হয়। পরে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের আশ্বাসে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়। এলাকার মো. জুয়েল বলেন, রায়পুরে ২৪ ঘণ্টার মধ্যে পাঁচ ঘণ্টাও বিদ্যুৎ পাওয়া যায় না।রায়পুর থানার উপপরিদর্শক (এসআই) সৈয়দ জাকির হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অবস্থান নেয়। রায়পুর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. জাকির হোসেন বলেন, রায়পুর পৌর শহর ও ১০টি ইউনিয়নে প্রায় ২৬ হাজার গ্রাহক রয়েছেন। উপজেলায় বিদ্যুতের চাহিদা রয়েছে ৮ মেগাওয়াট। অথচ পাওয়া যাচ্ছে মাত্র দেড়-দুই মেগাওয়াট। তিনি আরও বলেন, ‘আমরা চাই না এখানে এক মিনিটের জন্যও লোডশেডিং হোক।’