বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত তিন দিনে ৪০ ঘণ্টা সরবরাহ না থাকায় বিদ্যুতের দাবিতে গতকাল রোববার লালমনিরহাটের পাটগ্রাম চৌরঙ্গী রাস্তা মোড় এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ হয়েছে। স্থানীয় সাধারণ মানুষসহ ব্যবসায়ীরা এসব কর্মসূচি পালিন করেন।
এলাকার কয়েকজন বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, লালমনিরহাট-বুড়িমারী স্থলবন্দর মহাসড়কের চৌরঙ্গী রাস্তা মোড় এলাকায় অবরোধ করে গতকাল বিকেল চারটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত বিক্ষোভ সমাবেশ হয়। এর আগে সেখানে কয়েকটি টায়ার জ্বালিয়ে দেন ছাত্রলীগ ও তরুণ লীগের কর্মীরা। পরে পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর কুতুবুল আলম ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অবনী শংকর কর সেখানে গিয়ে বক্তব্য দেন। এ সময় তাঁদের অনুরোধে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ প্রত্যাহার করেন আন্দোলনকারীরা।
সভায় বক্তারা বলেন, গত শুক্রবার ভোর ছয়টা থেকে গতকাল রোববার সন্ধ্যা সাতটা পর্যন্ত এই তিন দিনে ৪০ ঘণ্টা উপজেলায় বিদ্যুৎ ছিল না। অনতিবিলম্বে বিদ্যুৎ সরবরাহ করা না হলে রাজপথে সাধারণ মানুষ নেমে এলে সেই দায়-দায়িত্ব স্থানীয় বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগের পাটগ্রাম উপবিভাগীয় আবাসিক প্রকৌশলীকেই নিতে হবে।
ইউএনও নূর কুতুবুল আলম বলেন, রংপুর বিভাগীয় নির্বাহী প্রকৌশলীর সঙ্গে এ বিষয় নিয়ে মুঠোফোনে কথা হয়েছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে পাটগ্রাম আবাসিক উপবিভাগীয় প্রকৌশলী সাইফুল ইসলাম মণ্ডল বলেন, লালমনিরহাট-পাটগ্রাম বিদ্যুৎ সঞ্চালন গ্রিড লাইনের ত্রুটির কারণে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। দ্রুত সরবরাহ লাইন মেরামতের চেষ্টা চলছে।