বিদ্যুতের দাবিতে সড়ক অবরোধ কার্যালয়ে তালা
নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শহরে গতকাল বুধবার সড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়।প্রত্যক্ষদর্শী একাধিক সূত্রে জানা গেছে, দামুড়হুদা উন্নয়ন ঐক্য পরিষদের ডাকে বিদ্যুতের দাবিতে আন্দোলন কর্মসূচিতে অংশ নিতে বিক্ষুব্ধ মানুষ গতকাল সকালে মুজিব নগর সড়কের থানা মোড়ে সমবেত হয়। সকাল নয়টার দিকে একটি বিক্ষোভ মিছিল স্থানীয় পল্লী বিদ্যুতের কার্যালয়ে যায়। অবস্থা বেগতিক বুঝতে পেরে পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তা-কর্মচারীরা সরে পড়েন। পরে আন্দোলনকারীরা পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে দুটি তালা ঝুলিয়ে দেয়। এরপর আন্দোলনকারীরা মিছিল নিয়ে ফিরে আসে এবং থানা মোড়ে সড়ক অবরোধ করে। অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন এম নুরুন্নবী, তোফাজ্জেল হোসেন প্রমুখ।বক্তারা বলেন, দামুড়হুদায় দীর্ঘদিন ধরে ২৪ ঘণ্টায় মাত্র ছয়-সাত ঘণ্টা বিদ্যুৎ থাকে। ভাপসা গরমে শিক্ষার্থীদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। কলকারখানায় উৎপাদন বন্ধ হয়ে গেছে। আগামী সাত দিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে। একপর্যায়ে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়, পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক অথবা উপমহাব্যবস্থাপক এসে সমাধানের ঘোষণা না দেওয়া পর্যন্ত অবরোধ অব্যাহত থাকবে। দুপুর পৌনে ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এফ এম এহতেশামুল হক ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় ইউএনও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিলে দুপুর ১২টায় অবরোধ তুলে নেওয়া হয়।