বিদ্যুতের দাবিতে হরতাল আহ্বান
পটুয়াখালীর কলাপাড়া উপজেলা সদরে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা ও পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালকসহ দুর্নীতিবাজ কর্মকর্তা-কর্মচারীদের অপসারণের দাবিতে আগামীকাল রোববার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অর্ধদিবস হরতাল ডাকা হয়েছে।
কলাপাড়া নাগরিক অধিকার সংগ্রাম কমিটি ওই কর্মসূচির ডাক দিয়েছে। হরতাল সফল করতে দুই দিন ধরে শহরে মাইকে প্রচার চালানো হয়। শহরের ব্যবসায়ীরাসহ সাধারণ মানুষ এ কর্মসূচির প্রতি সমর্থন জানিয়েছে।
এলাকাবাসী বলেন, এক মাস ধরে উপজেলা সদরে নিয়মিত বিদ্যুৎ থাকে না। বিদ্যুৎ এলেও দ্রুত চলে যায়। প্রচণ্ড গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ নিয়ে গ্রাহকেরা কয়েক দফা সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ গ্রাহকেরা মিছিল করে পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয়ে হামলা চালান। গ্রাহকেরা কলাপাড়া নাগরিক অধিকার সংগ্রাম কমিটির ব্যানার থেকে বিদ্যুৎ বিভাগকে আলটিমেটাম দিলেও গত দুই দিনে পরিস্থিতির উন্নতি হয়নি।
ডিজিএম লিয়াকত আলী খান বলেন, ‘১৮টি বিদ্যুৎকেন্দ্র বসে যাওয়ায় লোডশেডিং বেশি হচ্ছে। আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। এ দাবি নিয়ে হরতাল দেওয়া খামখেয়ালি ছাড়া আর কিছুই নয়।’