বিদ্যুতের দাম কমানোর দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম না বাড়িয়ে তা কমিয়ে আনার দাবি জানিয়েছে বিএনপি। দলটি বলেছে, সরকারের সীমাহীন দুর্নীতি ও লুণ্ঠনের ফলে বিদ্যুৎ খাতে সৃষ্ট সমস্যার দায়ভার বিদ্যুতের মূল্য বাড়িয়ে জনগণের ওপর চাপানো হচ্ছে। এর বিরুদ্ধে প্রতিবাদ ও দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল সোমবার এক বিবৃতিতে এ কথা বলেন।একইভাবে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি এবং জনমুক্তি পার্টি। গতকাল পৃথক কর্মসূচি ও বিবৃতিতে তারা এ দাবি জানায়। বিএনপির বিবৃতি: মির্জা ফখরুল তাঁর বিবৃতিতে বলেন, মহাজোট সরকারের তিন বছর আট মাসের শাসনামলে বিদ্যুতের পাইকারি মূল্য বাড়ানো হয়েছে সাতবার। খুচরা মূল্য বাড়ানো হয়েছে পাঁচবার। পাইকারি মূল্য বেড়েছে ১০০ ভাগের বেশি। ভোক্তাপর্যায়ে স্তরভেদে শতকরা ৫০ থেকে ১০০ ভাগ মূল্য বেড়েছে। ২০০৮-০৯ অর্থবছরে বিদ্যুৎ খাতে লোকসানের পরিমাণ ছিল প্রায় ৮০০ কোটি টাকা। বিগত অর্থবছরে (২০১১-১২) প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বিদ্যুৎ খাতে সরকারের লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ১৭ হাজার কোটি টাকা। মাত্র তিন বছরে বিদ্যুৎ খাতে লোকসান বেড়েছে প্রায় ২২ গুণ। গত সাড়ে তিন বছরে মহাজোট সরকার বিদ্যুৎ খাতে প্রায় ৩৪ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়েছে। ভর্তুকির পরিমাণ অবিশ্বাস্যভাবে বাড়লেও উল্লেখযোগ্য পরিমাণে উৎপাদন বাড়েনি। এই ভর্তুকি জাতীয় অর্থনীতিকে বিপন্ন করে তুলেছে বলে দলটি অভিযোগ করেছে। ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিদ্যুতের মূল্য বাড়ানোর ক্ষেত্রে এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) ভূমিকা সরকারের তল্পিবাহকের মতো। সরকারের অভিপ্রায় অনুযায়ী তারা অব্যাহতভাবে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বাড়িয়ে যাচ্ছে। সহযোগিতা করে যাচ্ছে সরকারের অনৈতিক ও লুণ্ঠন কর্মকাণ্ডে। বিইআরসির এ ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল। একই সঙ্গে তিনি বিদ্যুৎ খাতে নৈরাজ্য সৃষ্টিকারী দুর্নীতিপরায়ণ রাজনীতিবিদ, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছেন।বৃহস্পতিবারের মধ্যে সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি: তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি আগামী বৃহস্পতিবারের মধ্যে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। মূল্যবৃদ্ধির প্রতিবাদ ও বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে সংগঠনটি গত রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করে। ওই সমাবেশ থেকে সাত দফা দাবি জানানো হয়। সমাবেশে অর্থনীতিবিদ আনু মুহাম্মদ অভিযোগ করেন, দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থ রক্ষা করতে গিয়ে সরকার বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়িয়েছে। আর এর বোঝা বহন করতে হচ্ছে সাধারণ জনগণকে। ব্যাংকসহ বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির রেকর্ড করেছে সরকার।সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। বক্তব্য দেন সিপিবির নেতা রুহিন হোসেন। এদিকে জনমুক্তি পার্টির আলম খানও এক বিবৃতিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদ জানিয়েছেন।