বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়েও বাড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের পাইকারি দাম বাড়ার পর পরই গ্রাহক পর্যায়েও দাম বাড়বে। পাঁচটি বিতরণ কোম্পানির মধ্যে চারটিই গত সপ্তাহে এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে।
কমিশন বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রক্রিয়া শেষ পর্যায়ে নেওয়ার পর বিতরণ কোম্পানিগুলোর প্রস্তাবগুলো নিয়ে কাজ শুরু করবে বলে বিইআরসি সূত্র জানায়।
বিতরণ কোম্পানিগুলোর মধ্যে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) তাদের বিতরণ অঞ্চলের জন্য প্রতি ইউনিট (কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের দাম গড়ে ২২ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে। পশ্চিমাঞ্চলীয় বিতরণ কোম্পানি (ওজোপাডিকো) প্রস্তাব করেছে গড়ে সাড়ে ১৮ শতাংশ বাড়ানোর। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) প্রস্তাব গড়ে সাড়ে ১৫ শতাংশ বাড়ানোর। আর ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) গড়ে প্রতি ইউনিটের দাম ১৪ দশমিক ৭৫ শতাংশ বাড়ানোর প্রস্তাব করেছে।
অপর বিতরণ কোম্পানি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) তাদের প্রস্তাব চূড়ান্ত করে এ সপ্তাহেই জমা দেবে। তাদের বৃদ্ধির হার সাড়ে ১৭ শতাংশ হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এর আগে অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে পিডিবি বিদ্যুতের পাইকারি দাম বাড়ানোর প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঠায়। তাতে ১৮ দশমিক ১২ শতাংশ দাম বাড়ানো এবং ১ জানুয়ারি থেকে ওই মূল্যবৃদ্ধি কার্যকর করার অনুরোধ জানানো হয়। বিইআরসি সে অনুযায়ী প্রক্রিয়া চালাচ্ছে।
পিডিবি ও বিইআরসির সূত্রগুলো জানায়, পিডিবির প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম বর্তমানের চার টাকা ৭০ পয়সা থেকে বেড়ে পাঁচ টাকা ৫১ পয়সা হবে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ছয় টাকা ৫৪ পয়সা। তাই দাম বাড়ানো হলেও উৎপাদন ব্যয় ও পাইকারি বিক্রির মধ্যে প্রতি ইউনিটে ব্যবধান থাকবে এক টাকা তিন পয়সা। এ ব্যবধান ঘোচানোর জন্য সরকারকে বছরে প্রায় চার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এখন দিতে হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা।
বিতরণ কোম্পানিগুলোর সূত্র জানায়, পিডিবি পাইকারি দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে, তাতে বিদ্যুৎ কিনতে তাদের যে ব্যয় বাড়বে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে তারা গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব দিয়েছে। তারা দাবি জানিয়েছে, পাইকারি মূল্যবৃদ্ধি যদি ১ জানুয়ারি থেকে কার্যকর হয়, তাহলে গ্রাহক পর্যায়েও যেন একই সময়ে দাম বাড়ানো হয়।
তবে বিইআরসির সূত্র জানায়, পাইকারি দাম বাড়ানোর প্রক্রিয়া গণশুনানির পর্যায়ে নেওয়ার পর গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব নিয়ে কাজ শুরু করা হতে পারে। গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর ক্ষেত্রে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের সম্মতিরও প্রয়োজন হয়। সরকার বিতরণ কোম্পানিগুলোকে ভর্তুকি দিলে মূল্যবৃদ্ধি বিলম্বিত হওয়ারও সুযোগ আছে।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের সর্বশেষ দাম বাড়ানো হয় গত মার্চ মাসে। তখন প্রতি ইউনিটের দাম বাড়ানো হয়েছিল গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ। তাতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম পড়ছে প্রায় সাড়ে পাঁচ টাকা।