বিদ্যুতের দাম না বাড়ানোর দাবিতে সিপিবির বিক্ষোভ
বিদ্যুতের দাম না বাড়ানো ও উৎপাদন খরচ কমানোর জোর দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এই দাবি জানানো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
বিক্ষোভপূর্ব সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের দাম বাড়লে শুধু মাসে মাসে গ্রাহককে বেশি টাকা দিতে হবে এমন নয়; এর ফলে বাড়িভাড়া ও পণ্যের মূল্যও বাড়বে। সেই টাকাও গুনতে হবে সাধারণ মানুষকে। সেচ মৌসুমে এই দাম বাড়ার ফলে কৃষক পড়বে বিপাকে।
বক্তারা আরও বলেন, সরকারের ভুল নীতি ও দুর্নীতির কারণে বিদ্যুতের উৎপাদন ব্যয় বাড়ছে। তাই এ দায়িত্ব জনগণ নেবে না। বিদ্যুতের দাম নিয়ে গণশুনানিতে দেওয়া প্রস্তাবের সমালোচনা করে তাঁরা বলেন, বিদ্যুতের দাম সমন্বয়ের নামে গরিবের পকেট কাটা ও কৃষি ধ্বংসের প্রস্তাব করা হয়েছে। বিদ্যুতের দাম এক পয়সাও বাড়ানো চলবে না। ‘মিনিমাম’ বিল প্রথা ও মিটার ভাড়া বাতিল এবং গরিব মানুষের ও কৃষিতে ব্যবহূত বিদ্যুতের দাম কমাতে হবে।
পুষ্পেন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন, ঢাকা কমিটির নেতা সেকেন্দার হায়াৎ, মুর্শিকুল ইসলাম, মাহবুব আলম প্রমুখ। বিজ্ঞপ্তি।