বিদ্যুতের দাম বাড়লে জনগণের জন্য বোঝা হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম সামান্য বাড়ানো হলে তা জনগণের জন্য বোঝা হবে না। বরং এতে সরকারের ভর্তুকির পরিমাণ কমবে। গতকাল মঙ্গলবার সংসদে প্রশ্নোত্তরপর্বে এ কথা বলেছেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
নুর-ই-হাসনা লিলি চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে খুচরা বিদ্যুতের দাম কম। সরকার জনস্বার্থের কথা বিবেচনা করে বিদ্যুতের দাম নির্ধারণ করে থাকে। বর্তমানে বিভিন্ন বিদ্যুৎ কোম্পানি দাম বাড়ানোর জন্য বিইআরসিকে (বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন) প্রস্তাব করেছে।
প্রতিমন্ত্রী আরও বলেন, উৎপাদন ব্যয়ের তুলনায় কম দামে বিতরণ কোম্পানিকে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ঘাটতি পূরণের জন্য সরকারকে ভর্তুকি দিতে হয়। বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো সরকার-নির্ধারিত দামে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রের জন্য জ্বালানি সংগ্রহ করে থাকে। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কম-বেশি হলেও বিদ্যুতের উৎপাদন ব্যয়ে কোনো তারতম্য হয় না।
এ কে এম শাহজাহান কামালের সম্পূরক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে দেশের ৭০ শতাংশ এলাকা গ্যাস সরবরাহের আওতায় আনা হবে।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলী ফরাজীর প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, আগামী জুনের মধ্যে তিতাস গ্যাসের ৮ হাজার ৬০০টি মিটারকে প্রি-পেইডে রূপান্তর করা হবে। এ ছাড়া তিতাস গ্যাসের দুই লাখ এবং কর্ণফুলী গ্যাসের ১০ হাজার আবাসিক মিটারকে প্রি-পেইডে রূপান্তরের পরিকল্পনা রয়েছে। দুটি প্রস্তাব একনেকে অনুমোদনের অপেক্ষায় আছে।
শওকত চৌধুরীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বর্তমানে বিদ্যুতের গড় উৎপাদন খরচ ছয় টাকা ৩৩ পয়সা এবং বিক্রয়মূল্য চার টাকা ৬৭ পয়সা। ২০১৩-১৪ অর্থবছরে বিদ্যুৎ খাতে সরকারকে ছয় হাজার ১০০ কোটি টাকা ভর্তুকি দিতে হয়েছে।
দিদারুল আলমের প্রশ্নের জবাবে বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, নারায়ণগঞ্জ থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাইপলাইনের মাধ্যমে উড়োজাহাজের জ্বালানি তেল সরবরাহের বিষয়ে পরীক্ষা-নিরীক্ষা চলছে। এটি করা সম্ভব হলে বছরে ২০ কোটি টাকা সাশ্রয় হবে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে নসরুল হামিদ জানান, বিদ্যুতের ওভারলোডের কারণে প্রতি মাসে গড়ে দুই থেকে তিন হাজার ট্রান্সফরমার পুড়ে যায়।
ভেজাল প্রসাধনীকে জরিমানা: দিদারুল আলমের লিখিত প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু জানান, ২০১৩ সালের জুলাই থেকে ২০১৪ সালের ডিসেম্বর পর্যন্ত বিএসটিআই ভেজাল ও নকল প্রসাধনীরোধে ৫৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। এতে ৯৬টি প্রতিষ্ঠানকে ৯৫ লাখ ৬৪ হাজার টাকা জরিমানা করা হয়। ভেজাল পণ্যের মধ্যে ছিল শ্যাম্পু, লিপস্টিক, সাবান, টুথপেস্ট, স্ক্রিন ক্রিম, চুলের তেল ইত্যাদি। যেসব প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হলো: আলমাস সুপার শপ, আগোরা, বিগবাজার, রহিমআফরোজ সুপার স্টোর, মীনা বাজার, স্বপ্ন ইত্যাদি।
আবদুল ওয়াদুদের প্রশ্নের জবাবে শিল্পমন্ত্রী বলেন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) ছয়টি ইউরিয়া সার কারখানায় ২০১৩-১৪ অর্থবছরে ৮ দশমিক ৩৯ লাখ মেট্রিক টন সার উৎপাদন হয়েছে। চলতি অর্থবছরে ২৭ লাখ মেট্রিক টন চাহিদার বিপরীতে নয় লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। চাহিদার ৬৭ শতাংশ সার বিদেশ থেকে আমদানি করতে হয়।