বিদ্যুতের দাম বাড়ছে, প্রক্রিয়া শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়া শুরু করেছে। সরকারি সূত্রগুলো বলেছে, বিদ্যুৎকেন্দ্রের জ্বালানি হিসেবে অত্যন্ত সস্তা গ্যাস কিংবা আরেকটু বেশি দামের কয়লা ব্যবহারের সুযোগ না থাকায় বিদ্যুৎ উৎপাদনে জ্বালানির দাম বেশি পড়ছে। ফলে বিদ্যুতের দাম বাড়াতে হবে।এ ছাড়া শিল্প ও বাণিজ্যিক গ্রাহকেরা লোডশেডিংয়ের চেয়ে বেশি দামে হলেও বিদ্যুৎ পেতে চান বলে সরকারের বিভিন্ন পর্যায়ে আলাপ-আলোচনায় জানিয়েছেন। বর্তমানে দেশের ৪৭ শতাংশ মানুষ বিদ্যুৎ সরবরাহের আওতায় রয়েছে। তাদের জন্য সারা দেশের মানুষের করের টাকা দিয়ে বিপুল পরিমাণ ভর্তুকি দেওয়াকে সরকার যৌক্তিক মনে করছে না।সূত্র জানায়, সব পর্যায়ের গ্রাহকের ক্ষেত্রেই দাম বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। তবে সবচেয়ে কম ব্যবহারকারী দরিদ্র গ্রাহক ও কৃষিক্ষেত্রে ব্যবহূত বিদ্যুতের দাম বৃদ্ধির হার অপেক্ষাকৃত কম হবে। বর্তমানে দরিদ্র শ্রেণী বিবেচনায় ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম কম নির্ধারিত আছে। এ পরিমাণ কমিয়ে ৫০-৬০ ইউনিট করা হতে পারে। বর্তমানে দক্ষিণ এশিয়ায় ভুটান ছাড়া বাংলাদেশেই বিদ্যুতের দাম সবচেয়ে কম।দাম বাড়ানোর বিষয়ে জানতে চাইলে বিদ্যুৎ-সচিব মো. আবুল কালাম আজাদ প্রথম আলোকে বলেন, ‘আমরা হয়তো শিগগিরই এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) প্রস্তাব পাঠাতে পারি। এ প্রক্রিয়ায় তো সময় লাগে। এ ছাড়া আমরা দাম বাড়ানোর আগে বিদ্যুতের উৎপাদন পরিস্থিতি একটি স্থিতিশীল পর্যায়ে নিয়ে যেতে চাই।’বিবেচনায় দুটি পদ্ধতি: বিদ্যুতের দাম বাড়ানোর দুটি পদ্ধতি বর্তমানে সরকারের বিবেচনায় রয়েছে। এক. ছয় মাস পরপর বছরে দুবার একটি নির্দিষ্ট পরিমাণে দাম বাড়ানো। দুই. প্রতিবছরের ভর্তুকির পরিমাণ হিসাব করে প্রথম বছর এর ৩০ শতাংশ, দ্বিতীয় বছর ৪০ শতাংশ—এভাবে পর্যায়ক্রমে বিদ্যমান দামের সঙ্গে যুক্ত করে বর্ধিত দাম নির্ধারণ করা। এর যেকোনো একটি পদ্ধতি চূড়ান্ত করে বিইআরসিতে প্রস্তাব পাঠানো হবে।উৎপাদন ব্যয় বেশি: বছর তিনেক ধরে স্থাপিত ও স্থাপনের প্রক্রিয়াধীন কেন্দ্রগুলোয় উৎপাদিত বিদ্যুতের দাম বেশি পড়ছে। এ প্রসঙ্গে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান এস এম আলমগীর কবির বলেন, দেশে বর্তমানে ৮২ শতাংশ বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে গ্যাস দিয়ে। গ্যাসভিত্তিক কেন্দ্রে প্রতি ইউনিট বিদ্যুৎ উৎপাদনে ব্যয় হয় দুই টাকারও কম। কয়লাভিত্তিক কেন্দ্র হলে প্রতি ইউনিটের উৎপাদন ব্যয় পাঁচ টাকার মতো। কিন্তু ফার্নেস তেল দিয়ে বিদ্যুৎকেন্দ্র চালাতে হলে প্রতি ইউনিটের দাম পড়ে আট টাকার মতো, যার মধ্যে জ্বালানি খরচই প্রায় ছয় টাকা। ডিজেল ব্যবহার করলে প্রতি ইউনিটের জন্য জ্বালানি খরচ হয় প্রায় ১২ টাকা। তিনি বলেন, বর্তমানে নতুন বিদ্যুৎকেন্দ্রে ব্যবহারের জন্য গ্যাস পাওয়া যাচ্ছে না। কয়লাও তোলা হচ্ছে না। তাই ডিজেল বা ফার্নেস তেলচালিত বিদ্যুৎকেন্দ্র করতে হচ্ছে। ফলে উৎপাদন ব্যয় বেশি। তবে কিছু কিছু ‘ডুয়েল ফুয়েল’ভিত্তিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। ভবিষ্যতে গ্যাস পাওয়া গেলে এসব কেন্দ্র তেলের পরিবর্তে গ্যাস দিয়ে চালানো যাবে।পিএসএমপির জরিপ: সরকারি সূত্র জানায়, ২০০৬ সালে বিদ্যুৎ খাতের মহাপরিকল্পনা (পিএসএমপি) হালনাগাদ করার সময় চালানো জরিপের ফলাফলে দেখা গেছে, শিল্পপ্রতিষ্ঠানে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হলে প্রতি ইউনিট বিদ্যুতের জন্য যে পরিমাণ শিল্পোৎপাদন ব্যাহত হয়, তার আর্থিক মূল্য ২৯ টাকা ৪০ পয়সা। স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ পেলে শিল্পপণ্যে বিদ্যুতের জন্য ব্যয় হয় তিন থেকে পাঁচ টাকা। তাই বিদ্যুৎ না পাওয়ার চেয়ে বেশি দাম দিয়ে স্বাভাবিক সরবরাহ পেলে শিল্প ও বাণিজ্যিক গ্রাহকের লাভ। তাই ব্যবসায়ী-শিল্পপতিরা বেশি দামে বিদ্যুৎ নিতে আগ্রহী বলে একাধিক সভা-সেমিনার এবং সরকারি পর্যায়ে আলোচনায় জানিয়েছেন। শিল্পোৎপাদন কর্মসংস্থান ও রপ্তানি বৃদ্ধিসহ সামগ্রিকভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনেরও সহায়ক। দাম বৃদ্ধির প্রস্তাবনায় এসব বিষয়ও তুলে ধরা হবে। বাজেটে আভাস: গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপিত ২০১০-১১ সালের প্রস্তাবিত বাজেটেও বিদ্যুতের দাম বাড়ানোর আভাস দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে, তরল জ্বালানিভিত্তিক ভাড়ার বিদ্যুৎকেন্দ্র এবং পিকিং বিদ্যুৎকেন্দ্র স্থাপনের কারণে আগামী দুই-তিন বছর উৎপাদন ব্যয় ২০ থেকে ৩০ শতাংশ বাড়বে। এ ব্যয় বৃদ্ধি বিবেচনা করে এনার্জি রেগুলেটরি কমিশন ধাপে ধাপে দাম বাড়ানোর উদ্যোগ নিতে পারে। এরপর গ্যাস ও কয়লাভিত্তিক বড় কেন্দ্রগুলো চালু হলে ২০১৪ সাল থেকে বিদ্যুতের দাম আবার কমবে।