বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে বিদ্যুতের দাম বাড়ানোর নতুন প্রস্তাব দেওয়া হয়েছে। এখন কমিশন তাদের আইনকানুন অনুযায়ী এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়া শুরু করবে। গতকাল মঙ্গলবার বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিদ্যুৎ খাতের ২২টি প্রকল্প উদ্বোধন সম্পর্কে গণমাধ্যমকে অবহিত করার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে এই প্রকল্পগুলো উদ্বোধন করবেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিদ্যুৎ খাতের বড় প্রকল্পগুলোর বাস্তবায়ন অগ্রগতি খুবই কম বলে স্বীকার করে প্রতিমন্ত্রী বলেন, বড় প্রকল্পগুলো বাস্তবায়িত হওয়ার পর বিদ্যুতের দাম কমানোর বিষয়ে ভাবা সম্ভব হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রধানমন্ত্রী আজ যে প্রকল্পগুলো উদ্বোধন করবেন, তার মধ্যে রয়েছে নতুন আটটি বিদ্যুৎকেন্দ্র; একটি উপকেন্দ্র ও একটি সঞ্চালন লাইন। রয়েছে শতভাগ বিদ্যুৎ-সংযোগ দেওয়া ১০টি উপজেলা এবং শতভাগ বিদ্যুৎ-সংযোগের জন্য নির্বাচিত একটি উপজেলা।
নতুন আটটি বিদ্যুৎকেন্দ্র হচ্ছে শাহজীবাজার ৩৩০ মেগাওয়াট; খুলনা ২২৫; আশুগঞ্জ ৪৫০; মানিকগঞ্জ ৫৫; নবাবগঞ্জ ৫৫; জামালপুর ৯৮; বরিশাল ১১০ ও নারায়ণগঞ্জের মদনগঞ্জ ৫৫ মেগাওয়াট কেন্দ্র। এ ছাড়া বিবিয়ানা-কালিয়াকৈর ৪০০ কেভি সঞ্চালন লাইন ও ফেঞ্চুগঞ্জ উপকেন্দ্র উদ্বোধন করা হবে।
শতভাগ বিদ্যুৎ-সংযোগ দেওয়া ১০টি উপজেলা হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ ও সাভার, মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ি, গোপালগঞ্জের কোটালীপাড়া, টাঙ্গাইলের ভূঞাপুর, চট্টগ্রামের কর্ণফুলী, ফেনীর দাগনভূঞা, কিশোরগঞ্জের কুলিয়ারচর, মেহেরপুরের মুজিবনগর ও রংপুরের সৈয়দপুর। শতভাগ বিদ্যুৎ-সংযোগের আওতায় আনার জন্য নির্বাচিত উপজেলাটি হচ্ছে বান্দরবানের থানচি।
এর আগে গত ১৩ আগস্ট প্রধানমন্ত্রী শতভাগ বিদ্যুৎ-সংযোগের আওতায় আসা ছয়টি উপজেলা উদ্বোধন করেন। সরকার ২০১৮ সালের মধ্যে দেশের সব (৪৬০টি) উপজেলা শতভাগ বিদ্যুৎ-সংযোগের আওতায় আনার কর্মসূচি নিয়েছে।