বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসবে আজ
বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসছে আজ। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটায় নিজস্ব কার্যালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এ দাম বৃদ্ধির ঘোষণা দেবে। বিইআরসি সূত্রে জানা গেছে, খুচরা ও পাইকারি উভয় পর্যায়ে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানো হতে পারে। বিলকাঠামোতে ধাপ বা স্ল্যাব করা হবে ছয়টি। চলতি মাসের ১ তারিখ থেকে এ দাম বৃদ্ধি কার্যকর হবে।বর্তমান সরকারের আমলে এর আগে পাঁচবার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এবার দাম বাড়ানো হচ্ছে ষষ্ঠ ও শেষবারের মতো। পঞ্চমবার দাম বাড়ানো হয় গত মার্চ মাসে।বর্তমান সরকারের আমলে দেশে বিদ্যুতের উৎপাদনও প্রায় সাড়ে তিন হাজার মেগাওয়াট বেড়েছে। বর্তমানে দেশে বিদ্যুৎকেন্দ্রগুলোর স্থাপিত ক্ষমতা প্রায় সাড়ে আট হাজার মেগাওয়াট।গত রমজান মাস থেকে দেশের শহরাঞ্চলে লোডশেডিং প্রায় নেই বললেই চলে। তবে বিদ্যুতের বিল নিয়ে গ্রাহকদের ক্ষোভ প্রায় গণ-অসন্তোষে পরিণত হয়েছে। বিশেষ করে, বিলকাঠামোতে নিচের ধাপের সুবিধা গত ফেব্রুয়ারি মাস থেকে তুলে দেওয়ায় বিদ্যুৎ বিলে এক তুঘলকি অবস্থার সৃষ্টি হয়েছে।