বিদ্যুতের দাম বাড়ানোর নিন্দা জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। তারা গতকাল বৃহস্পতিবার বিবৃতিতে বলেছে, এর ফলে মানুষের দুর্ভোগ বাড়বে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) যৌথ বিবৃতিতে বলেছে, সব মহলের যুক্তি ও জনগণের মতামতকে সম্পূর্ণ উপেক্ষা করে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করেছে এনার্জি রেগুলেটরি কমিশন। এর ফলে জীবনযাত্রার ব্যয় বাড়বে। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ শুক্রবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই দুই দল বিক্ষোভ কর্মসূচি পালন করবে।
গণতান্ত্রিক বাম মোর্চাও আজ বিকেল সাড়ে চারটায় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ করবে।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই সরকারের আমলে বিদ্যুতের উৎপাদন বাড়লেও রেন্টাল ও কুইক রেন্টাল পদ্ধতির স্বল্পমেয়াদি অথচ উচ্চব্যয়সম্পন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে প্রকারান্তরে সরকার ভুল নীতিতেই এগিয়েছে। এতে করে একদিকে যেমন বিদ্যুৎ সংকটের স্থায়ী সমাধান হয়নি, তেমনি লুটপাটকারী ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় রাষ্ট্রকে বিপুল পরিমাণ ভর্তুকি দিতে হয়েছে। সরকারের এই ভুল নীতির খেসারত জনগণ দেবে না।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শনিবার বিকেল চারটায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে ওয়ার্কার্স পার্টি। যুব মৈত্রী ও ছাত্র মৈত্রীও এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে।
গণসংহতি আন্দোলন দাম বাড়ানোর এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে।
এ ছাড়া ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে সংগঠনটি। বিজ্ঞপ্তি।