বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব ফেরত পাঠাচ্ছে বিইআরসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবার বাড়াতে পাঁচটি বিতরণ কোম্পানির দেওয়া প্রস্তাব এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) কোম্পানিগুলোকে ফেরত পাঠাচ্ছে। বিইআরসি সূত্র জানায়, হিসাব-নিকাশ ত্রুটিমুক্ত করে উপস্থাপনের জন্য প্রস্তাবগুলো ফেরত পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।এদিকে বিতরণ কোম্পানিগুলোর দেওয়া প্রস্তাব অনুযায়ী ডিসেম্বর মাসের মধ্যে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়াতে বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে অনানুষ্ঠানিকভাবে বিইআরসিকে তাড়া দেওয়া হচ্ছে।কোম্পানিগুলোর দাবি, বিদ্যুতের পাইকারি দামের তুলনায় গ্রাহক পর্যায়ে খুচরা দাম কম বাড়ানোয় তাদের লোকসান হচ্ছে। তাই দাম বাড়ানো দরকার।তবে বিইআরসি বলছে, গত দুই দফায় পাইকারি পর্যায়ে যে পরিমাণ দাম বাড়ানো হয়েছে, গ্রাহক পর্যায়েও ওই পরিমাণ বাড়ানো (পাস থ্রু) হয়েছে। কাজেই কোম্পানিগুলোর যে লোকসানের কথা বলা হচ্ছে, তা দাম বাড়ানোর আগের এবং তার কারণ অন্য। তার পরও যেকোনো কোম্পানি বিইআরসির কাছে দাম সমন্বয়ের আবেদন করতে পারে। কিন্তু ওই আবেদন পূর্ণাঙ্গ ও সঠিক হতে হবে। কোনো কোম্পানির উন্নয়ন ব্যয় কিংবা বিশেষ বোনাস বিদ্যুতের দামের সঙ্গে যুক্ত নয়। অথচ কোনো কোনো কোম্পানি দাম বাড়ানোর প্রস্তাবে দেওয়া হিসাবে সেগুলোও যুক্ত করেছে।এ ছাড়া বিতরণ কোম্পানিগুলোর পদ্ধতিগত লোকসানও (সিস্টেম লস) অনেক বেশি। মন্ত্রণালয়ের পলিসি সাপোর্ট ইউনিট—পাওয়ার সেলের সমীক্ষা ও পর্যালোচনা অনুযায়ী, বিতরণ কোম্পানিগুলো পদ্ধতিগত লোকসানের যে হিসাব প্রকাশ করে, প্রকৃত লোকসান তার চেয়ে অনেক বেশি। এখানে বিদ্যুৎ চুরির ঘটনাও প্রচুর, যা পদ্ধতিগত লোকসান হিসেবে দেখানো হয়। তাই বিইআরসি সিদ্ধান্ত নিয়েছে, দাম বাড়ানোর প্রস্তাবে হিসাব-নিকাশ ত্রুটিমুক্ত করে পুনরায় উপস্থাপনের পরামর্শ দিয়ে কোম্পানিগুলোর প্রস্তাব ফেরত পাঠাবে। কিন্তু মন্ত্রণালয় থেকে বিইআরসিকে অনানুষ্ঠানিকভাবে বলা হচ্ছে, সরকারের শীর্ষ পর্যায় থেকে ডিসেম্বরের মধ্যে আবার দাম বাড়াতে বলা হয়েছে। তবে বিইআরসির কাছে সরকারের শীর্ষ পর্যায়ের এমন কোনো প্রত্যক্ষ-পরোক্ষ বার্তা নেই।সরকারের উচ্চপর্যায়ের একটি সূত্র জানায়, বিদ্যুৎ মন্ত্রণালয়ের কৌশল হচ্ছে, দাম বাড়িয়ে এমন পর্যায়ে নেওয়া যেন গ্রাহক খুব হিসাব করে বিদ্যুৎ ব্যবহার করতে বাধ্য হয়। তাহলে বিদ্যুতের উৎপাদন ও সরবরাহ তারা সীমিত রাখতে পারবে।কোম্পানিগুলোর শীর্ষস্থানীয় কর্মকর্তারা লোকসান এবং আবারও দাম বাড়ানোর বিষয় নিয়ে গত অক্টোবর মাসে বিইআরসির সঙ্গে আলোচনায় বসেছিলেন। তখন বিইআরসির পক্ষ থেকে বলা হয়েছিল, বিদ্যুৎ বিলের ধাপ-সুবিধা তুলে দেওয়ায় গত এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত কোম্পানিগুলোর হাতে আসা বাড়তি টাকা এবং এর পরও প্রয়োজন হলে এনার্জি ডেভেলপমেন্ট ফান্ড থেকে তাদের সহায়তা দেওয়া হবে।ওই আলোচনার মাস খানেকের মধ্যেই পাঁচটি বিতরণ কোম্পানির মধ্যে চারটির পক্ষ থেকে দাম বাড়ানোর লিখিত প্রস্তাব বিইআরসিকে দেওয়া হয়। এসব প্রস্তাবে কোম্পানিভেদে ৯ থেকে ১১ দশমিক ৬৯ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর প্রস্তাব করা হয়। বলা হয়, দাম না বাড়ালে চলতি অর্থবছরে ওই চারটি কোম্পানিকে মোট প্রায় এক হাজার ৫৮২ কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এই চার কোম্পানি হলো: ডিপিডিসি, ডেসকো, আরইবি এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ওজোপাডিকো)।এরপর গত সপ্তাহে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিতরণ অঞ্চলের জন্যও ১২ শতাংশ হারে দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসিতে জমা দেওয়া হয়েছে। পিডিবির হিসাব যুক্ত করলে পাঁচটি কোম্পানির মোট লোকসানের পরিমাণ দাঁড়ায় বছরে প্রায় এক হাজার ৭০০ কোটি টাকা।