বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব ভুল তথ্যে ভরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাধারণ গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর জন্য এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) পাঁচ বিতরণ কোম্পানির দেওয়া প্রস্তাব ভুল তথ্যে ভরা। কোম্পানিগুলোর যে ধরনের ব্যয় গ্রাহকের বহন করার কথা নয়, সেগুলোও হিসাবে নিয়ে বেশি করে দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।
কোম্পানিগুলোর প্রস্তাবের ওপর আজ মঙ্গলবার থেকে তিন দিনের গণশুনানি অনুষ্ঠিত হবে।
বিইআরসি সূত্র জানায়, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিইআরবি) প্রস্তাবে পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) কম দেখানো হয়েছে। বিআরইবি বিষয়টি স্বীকার করেছে। একটি কোম্পানি ভবিষ্যতে বিতরণ লাইন করার ব্যয় দাম বাড়ানোর হিসাবে যুক্ত করেছে। অথচ এই ব্যয় গ্রাহকের ওপর বর্তায় না।
কোনো কোনো কোম্পানির প্রস্তাবে এমন কিছু মন্দ ঋণের হিসাব জুড়ে দেওয়া হয়েছে, যা কখনো আদায় হওয়ার সম্ভাবনা নেই। এ ধরনের ঋণের দায় গ্রাহকের বহন করার কথা নয়। তাই এটি দাম বাড়ানোর প্রস্তাবে অন্তর্ভুক্ত হতে পারে না।
সূত্র আরও জানায়, এসব ভুল শুধরে নিয়ে তাঁরা কোম্পানিগুলোর প্রস্তাব পর্যালোচনা করছেন। তবে সময়স্বল্পতায় সব প্রস্তাবের চুলচেরা বিশ্লেষণ তাঁরা করতে পারছেন না। সরকারের নীতিনির্ধারণী মহলের সবুজ সংকেতে কোম্পানিগুলো গত ১৫ ফেব্রুয়ারি এসব প্রস্তাব দিয়েছে। চলতি (মার্চ) মাসের মাঝামাঝি সময়ের মধ্যে গণশুনানিসহ সব প্রক্রিয়া চূড়ান্ত করে দাম বাড়ানোর সিদ্ধান্ত ঘোষণার জন্য চাপ রয়েছে। অথচ পাঁচটি কোম্পানির প্রস্তাব পর্যালোচনা করতেই মাস খানেক সময় লাগে। কিন্তু গ্রীষ্মকালীন চাহিদা শুরুর আগে এবং বিদ্যুৎ পরিস্থিতি ভালো থাকতে থাকতেই দাম বাড়ানোর প্রক্রিয়া শেষ করতে চায় সরকার। বিইআরসিও সরকারের ইচ্ছা পূরণে কাজ করছে।
বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়ায় আজ মঙ্গলবার সকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এবং বিকেলে পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) প্রস্তাবের ওপর গণশুনানি অনুষ্ঠিত হবে। এর মধ্যে পিডিবি সাড়ে ১৫ শতাংশ ও ওজোপাডিকো সাড়ে ৮ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে।
এ ছাড়া বিআরইবি সাড়ে ১২ শতাংশ, ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) প্রায় ১৬ শতাংশ ও ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি) সাড়ে ২৩ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব করেছে। আগামীকাল বুধবার ডেসকো ও ডিপিডিসির প্রস্তাবের ওপর এবং বৃহস্পতিবার বিআরইবির প্রস্তাবের ওপর গণশুনানি হবে।
২০১২ সালের ডিসেম্বরে এই কোম্পানিগুলোর দাম বাড়ানোর প্রস্তাব পর্যালোচনা করে বিইআরসির মূল্যায়ন দল গড়ে ৪ দশমিক ১৫ শতাংশ দাম বাড়ানোর সুপারিশ করেছিল। তখনো অনেক গুরুতর ভুল শুধরে প্রস্তাবগুলো পর্যালোচনা করেছিল বিইআরসি। অবশ্য তখন আর দাম বাড়ানো হয়নি। তবে এবার একটু বেশিই বাড়ানো হতে পারে বলে সরকারি সূত্রগুলো থেকে আভাস পাওয়া গেছে।
বর্তমান সরকারের আমলে বিদ্যুতের দাম বাড়ানোর পদক্ষেপ এই প্রথম। ২০১০ সালের মার্চ থেকে ২০১২ সালের সেপ্টেম্বর পর্যন্ত আড়াই বছরে পাইকারি ও খুচরা পর্যায়ে পাঁচবার করে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ফলে গ্রাহক পর্যায়ে মোট ৪৩ দশমিক ৭৫ শতাংশ দাম বেড়ে প্রতি ইউনিট বিদ্যুতের গড় দাম এখন পাঁচ টাকা ৭৫ পয়সা। আর প্রতি ইউনিটের উৎপাদন মূল্য ছয় টাকা ২২ পয়সার মতো।