বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহারের দাবি
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করার দাবি জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। চলমান প্রতিবাদ কর্মসূচির প্রচারণার অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত পদযাত্রার আগে অনুষ্ঠিত সমাবেশে এ দাবি জানানো হয়। বিদ্যুতের মূল্যবৃদ্ধিসহ সাত দফা দাবিতে আগামী রোববার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি সফল করারও আহ্বান জানিয়েছেন কমিটির নেতারা। সমাবেশ শেষে একটি পদযাত্রা বের হয়ে মতিঝিল গিয়ে শেষ হয়। রেন্টাল, কুইক-রেন্টাল প্রক্রিয়া বন্ধ করা, খনিজ সম্পদ রপ্তানি নিষিদ্ধ আইন পাস করাসহ সাত দফা দাবিতে জাতীয় কমিটি ১৯ সেপ্টেম্বর থেকে প্রতিবাদ কর্মসূচি চালিয়ে আসছে। ৩০ সেপ্টেম্বর জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের মধ্য দিয়ে এই কর্মসূচি শেষ হবে। পদযাত্রাপূর্ব সমাবেশে জাতীয় কমিটির নেতারা বলেন, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাঁরা অভিযোগ করেন, সুবিধাভোগী গোষ্ঠীর লোকসান পুষিয়ে নিতে সরকার ইতিমধ্যে বিদ্যুতের দাম কয়েক দফা বাড়িয়েছে। বিদ্যুতের মূল্যবৃদ্ধি ‘হালাল করতে’ এনার্জি রেগুলেটরি কমিশন নামে এক ব্যয়বহুল দোকান খোলা হয়েছে। এ কমিশনের সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নেই। জাতীয় কমিটির নেতারা আরও বলেন, রোববার জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের মাধ্যমে জনগণ প্রমাণ করবে জাতীয় স্বার্থের ব্যাপারে মানুষ সজাগ রয়েছে। সমাবেশে বক্তব্য দেন জাতীয় কমিটির নেতা শহিদুল ইসলাম, আবু তাহের, খান আতাউর রহমান, জাহাঙ্গীর আলম, জুলফিকার আলী, তৈমুর খান, আবু বকর প্রমুখ।