বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে নেতিবাচক প্রভাবের কথা বিবেচনা করে বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।চেম্বারের সভাপতি মোরশেদ মুরাদ ইব্রাহিম গতকাল শুক্রবার সংবাদপত্রে পাঠানো এক বিবৃতিতে বলেন, বিদ্যুতের বাড়তি দাম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে সামগ্রিকভাবে শিল্পজাত পণ্যের উৎপাদনের খরচ বহুলাংশে বেড়ে যাবে। এটা দেশের সম্ভাবনাময় তৈরি পোশাকশিল্প খাতকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করবে। দেশি-বিদেশি বিনিয়োগকে উৎসাহিত করতে সরকার প্রণোদনামূলক যেসব কর্মসূচি নিয়েছে, বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্তের কারণে তা বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।মোরশেদ মুরাদ বলেন, প্রয়োজনীয় গ্যাসের অভাবে বিদ্যুৎকেন্দ্রগুলো পূর্ণমাত্রায় উৎপাদনে যেতে পারছে না। ফলে দেশে বিদ্যুৎসংকট দিন দিন প্রকট হচ্ছে। আবার বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র স্থাপনে উৎসাহের কারণে এ খাতে জাতিকে বিপুল পরিমাণ ভর্তুকি গুনতে হচ্ছে। এ অবস্থায় নতুন করে দাম বাড়ানোর সিদ্ধান্ত আমদানি-রপ্তানির ব্যয় বাড়াবে ও কর্মসংস্থানের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে। এ ছাড়া সামাজিক অস্থিরতা উসকে দিতে পারে।প্রসঙ্গত, ১ ফেব্রুয়ারি থেকে বিদ্যুতের বর্ধিত মূল্য কার্যকর করার সিদ্ধান্ত নেয় সরকার।