বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত বাতিলের দাবি
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)।
জাতীয় প্রেসক্লাব থেকে জ্বালানি মন্ত্রণালয়ে যাওয়ার পথে গতকাল রোববার সংগঠনের নেতা-কর্মীরা পুলিশি বাধায় পড়েন। পরে প্রেসক্লাবের সামনেই সমাবেশ করেন তাঁরা। সমাবেশে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ বছর থেকে বিদ্যুতের দাম কমার কথা থাকলেও দাম বাড়ানো হয়েছে। যারা উৎপাদন খরচ বাড়িয়েছে, তাদের কাছ থেকে ক্ষতিপূরণ নিতে হবে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, সরকারের দুর্নীতি ও গণবিরোধী নীতির কারণে বিদ্যুতের উৎপাদন খরচ বেড়েছে।
এ সময় গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের নেতা বজলুর রশীদ ফিরোজ, নাগরিক ঐক্যের নেতা ইফতেখার আহমেদ প্রমুখ বক্তব্য দেন।
একই দাবিতে গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ করেছে গণতান্ত্রিক বাম মোর্চা।