বিদ্যুতের দাম বৃদ্ধি করায় বাম মোর্চার নিন্দা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের দাম বৃদ্ধি এবং রেলের ভাড়া ৫০ শতাংশ বৃদ্ধির সরকারি সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। গতকাল রোববার এক বিবৃতিতে বাম মোর্চার নেতারা বলেন, দেশি-বিদেশি লুটেরাদের স্বার্থে বিদ্যুতের দাম বৃদ্ধি এবং সেবার মান না বাড়িয়ে একতরফাভাবে রেলের ভাড়া বাড়ানো হয়েছে। বাম মোর্চার নেতারা বলেন, সরকার কুইক রেন্টালের বোঝা জনগণের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে এবং জনগণের পকেট কেটে বিভিন্ন কোম্পানির সুবিধা করে দিচ্ছে। রেলের ভাড়া বাড়িয়ে প্রকারান্তরে বাসমালিকদেরই সুবিধা করে দেওয়া হবে বলে অভিযোগ করেন তাঁরা। এই ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করার জন্য সরকারের প্রতি তাঁরা আহ্বান জানান। বিবৃতিতে স্বাক্ষর করেন বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি, সদস্য সাইফুল হক, মোশরেফা মিশু প্রমুখ। বিজ্ঞপ্তি।