গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম আবারও বাড়িয়েছে সরকার। এতে প্রতি মাসে নতুন করে বাড়তি টাকা গুনতে হবে এখন ভোক্তাদের। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, এই মুহূর্তে বিদ্যুতের দাম বৃদ্ধি যৌক্তিক হয়নি। গণশুনানিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাবের যৌক্তিকতাও প্রমাণিত হয়নি।
আজ বৃহস্পতিবার বিইআরসি পক্ষ থেকে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ৩৫ পয়সা বা ৫ দশমিক ৩ শতাংশ বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। নতুন এ হার কার্যকর হবে আগামী ডিসেম্বর থেকে। দাম বাড়ানো হয়েছে কেবল খুচরা পর্যায়ে। পাইকারিতে বিতরণ কেন্দ্রগুলোর জন্য বিদ্যুতের দাম তাতে বাড়ছে না।
এ বিষয়ে জানতে চাইলে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম প্রথম আলোকে বলেন, প্রথমত যেটা দেখতে হবে যে গণশুনানিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রস্তাব কতটুকু যৌক্তিক বা সামঞ্জস্যপূর্ণ ছিল। সেখানে যৌক্তিকতা প্রমাণিত হয়নি। শুনানিতে বিতরণ সংস্থাগুলোর মূল্যবৃদ্ধির প্রস্তাবের বিরোধিতা করা হয় ভোক্তাদের পক্ষ থেকে। এমনকি কনজ্যুমারস অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ক্যাব) পক্ষ থেকে দাম কমানোর একটি প্রস্তাব নিয়েও শুনানি হয়। ক্যাবের প্রস্তাব যৌক্তিক বলে প্রমাণিত হয়। অথচ বাড়ানো হলো। এতে তো গণশুনানির অর্থই ব্যাহত হলো।
পোশাকশিল্পের ব্যবসায়ীরাও বলছেন দাম বাড়ানোর ফলে প্রতিযোগিতায় সক্ষমতা হারাবে বাংলাদেশের পণ্য। পোশাকশিল্প প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) সহসভাপতি মো. নাসির বলেন, ‘এমনিতেই আমাদের সক্ষমতার জায়গাটা কমে আসছে। প্রতিনিয়ত বন্ধ হচ্ছে কারখানা। এমন অবস্থায় বাংলাদেশ অবশ্যই সক্ষমতা হারাবে। এটা ধীরে ধীরে ধাপে ধাপে বাড়ানো হলে সবাই ব্যাপারটা নিতে পারত।’
সর্বশেষ ২০১৫ সালের ১ সেপ্টেম্বর বিদ্যুতের দাম গড়ে ২ দশমিক ৯৩ শতাংশ বাড়িয়েছিল সরকার। তাতে মাসে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের খরচ বাড়ে ২০ টাকা; ৬০০ ইউনিটের বেশি ব্যবহারে খরচ বাড়ে কমপক্ষে ৩০ টাকা।
বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, ‘আমাদের আগে বিদ্যুতের দাম অন্য দেশের চেয়ে কম ছিল। এ জন্য আমাদের শিল্প খাত তুলনামূলক সুবিধা পেত। আমাদের এফিসিয়েন্সি বাড়াতে হবে। অর্থাৎ উচ্চ দামের বিদ্যুৎ থেকে স্বল্পমূল্যের বিদ্যুতের সক্ষমতা বাড়াতে হবে। এ ক্ষেত্রে আমি পাওয়ার বোর্ডের প্রচেষ্টার অভাব আছে বলে মনে করি। তারা হাই কস্ট বিদ্যুৎ উৎপাদন করছে। কুইক রেন্টালে অনুমতি দেওয়া হচ্ছে। এটা বিদ্যুতের দাম আরও বাড়িয়ে দেবে।’
আহসান এইচ মনসুর আরও বলেন, ‘আমাদের ভারত থেকে বিদ্যুৎ আমদানি বাড়ানো প্রয়োজন। এটা আমাদের জন্য সাশ্রয়ী হবে। যেটাই করা হোক দ্রুত অন্য পদক্ষেপ নিতে হবে। কারণ, উৎপাদনে খরচ বাড়ায় তা ভোক্তার ওপরই পড়ছে। এটা যৌক্তিক বা টেকসই বলে মনে করি না। এটা আমাদের রপ্তানি খাতে প্রতিযোগিতা কমিয়ে দেবে।’