বিদ্যুতের পাইকারি দাম (বাল্ক ট্যারিফ) বাড়ানোবিষয়ক এক আলোচনায় বক্তারা বলেছেন, দাম বাড়ানোর কোনো বিকল্প নেই। তবে কতটা দাম বাড়ানো হবে, সেই বিষয়ে গভীর চিন্তাভাবনা করা দরকার। দাম বাড়ানোর সঙ্গে সঙ্গে বিদ্যুৎ পাওয়ার নিশ্চয়তা ও সেবার মান বাড়তে হবে।মেট্রোপলিটান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। গতকাল বুধবার বিকেলে মতিঝিলের চেম্বার ভবনের সম্মেলনকক্ষে এমসিসিআইয়ের শিল্প উপকমিটির সভাপতি আক্তার মতিন চৌধুরীর সভাপতিত্বে এই আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনার উদ্দেশ্য ছিল বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছে বিদ্যুতের দাম বাড়ানোর যে প্রস্তাব দিয়েছে তার যৌক্তিকতা সম্পর্কে ধারণা নেওয়া। এ জন্য সভায় তিনজন বিশেষজ্ঞকে আমন্ত্রণ জানানো হয়। সভাপতির সূচনা বক্তব্যের পর বিশেষজ্ঞরা বক্তব্য এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পরে সভার সভাপতি আলোচনার সারসংক্ষেপ উপস্থাপন করেন। সবাইকে ধন্যবাদ জানান সৈয়দ তারেক মাহমুদ আলী। বিশেষজ্ঞের বক্তৃতায় প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নুরুল ইসলাম বলেন, বিদ্যুতের দাম বাড়াতে হবে। তবে সেবার মান বৃদ্ধি, সরবরাহের নিশ্চয়তা দিতে হবে। এর আগে দাম বাড়ানোর সময় যেসব শর্ত পূরণ করার কথা ছিল, তা পূরণ করা হয়েছে কি না দেখতে হবে। আর দাম কতটা বাড়ানো হবে, সে বিষয়েও বিইআরসির গভীর চিন্তাভাবনার দরকার আছে।অধ্যাপক শামসুল আলম বলেন, সরকারের যেমন বিদ্যুতের দাম বাড়ানো দরকার, তেমনি ভোক্তার পক্ষে কতটা বাড়তি দাম দেওয়া সম্ভব তারও একটা মানদণ্ড থাকতে হবে। পিডিবি কিংবা বিইআরসি কেউই মানদণ্ড নিয়ে কিংবা জাতীয় অর্থনীতিতে দাম বৃদ্ধির প্রভাব নিয়ে ভাবে না। তিনি অনেক বিতরণকারী সংস্থার বিভিন্ন ধরনের পদ্ধতিগত লোকসান (সিস্টেম লস) ও বিতরণ ব্যয় তুলে ধরে বলেন, এসব ক্ষেত্রে মানদণ্ড করে দিতে হবে। কোনো সংস্থার অদক্ষতার দায়ভার ভোক্তা নিতে পারে না। সরকার যে পরিকল্পনা নিয়ে অগ্রসর হচ্ছে, তাতে বিদ্যুৎ দিতে পারবে না বলে উল্লেখ করে তিনি বলেন, ‘মন্ত্রণালয়ে যারা বসে আছে, তারা বিদ্যুৎ জ্বালানির কিছু বোঝে বলে মনি করি না। তারা বিদ্যুৎ দিতে পারবে না। অথচ দাম বাড়িয়ে একটা বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করবে।’ অপর বিশেষজ্ঞের বক্তৃতায় বিইআরসির পরামর্শকপ্রতিষ্ঠান আইসিইয়ের (ইমপ্রুভড ক্যাপাসিটি ফর এনার্জি অ্যাকসেস) উপপ্রধান বশিরুল হক বিদ্যুৎ ও জ্বালানি খাতে রেগুলেশনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, বিদ্যুৎ খাতের প্রতিষ্ঠানগুলোর দক্ষতা পরিমাপের ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য পদ্ধতি অনুসরণ করতে হবে। দাম বাড়ানোর প্রস্তাব সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অতীত কর্মকাণ্ড ও গ্রহণযোগ্য ভবিষ্যৎ সম্ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ হতে হবে।সভায় এমসিসিআইয়ের সভাপতি মেজর জেনারেল আমজাদ খান চৌধুরী (অব.), লায়লা রহমান কবির, ফারুক আহমেদ, কামরান টি রহমান, এফবিসিসিআইয়ের ক্যাপ্টেন ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন।