বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া আজ শুরু হচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পূর্বপরিকল্পনা অনুযায়ী আজ ১ নভেম্বর থেকে সরকার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া শুরু করছে না। নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে যে নীতিমালা প্রণয়ন করার কথা, তা সম্পন্ন করা যায়নি বলে নতুন সংযোগ দেওয়া আপাতত বন্ধ রাখা হচ্ছে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর সূত্রে জানা গেছে, সারা দেশে গৃহস্থালি, বাণিজ্যিক ও শিল্পক্ষেত্রে বিদ্যুতের নতুন সংযোগের জন্য এরই মধ্যে যাঁরা আবেদন করেছেন, তাঁদের সংযোগ দিলে প্রায় এক হাজার মেগাওয়াট বাড়তি বিদ্যুৎ সরবরাহ করতে হবে। তাই সরকার শর্ত সাপেক্ষে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়ার নীতিমালা প্রণয়ন করছে।নীতিমালার শর্ত হিসেবে প্রত্যেক গ্রাহককে তাঁর মোট চাহিদার তিন থেকে পাঁচ শতাংশ পর্যন্ত ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল স্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজনে সরকারি ঋণেরও ব্যবস্থা থাকবে। তবে ছোট গ্রাহকদের (২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী) এই শর্তের আওতার বাইরে রাখা হতে পারে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) চেয়ারম্যান এ এস এম আলমগীর কবির গতকাল রোববার প্রথম আলোকে বলেন, নীতিমালা তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। তাই নতুন সংযোগ দেওয়া আর বেশি দিন বন্ধ থাকবে না।দেশে চাহিদার তুলনায় প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় গত এপ্রিল মাসে প্রথমে তিন মাসের জন্য বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। তারপর তা আরও এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর করা হয়।এরই মধ্যে দেশের প্রতিটি এলাকায় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর (পিডিবি, ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো প্রভৃতি) কাছে হাজার হাজার নতুন গ্রাহক বিদ্যুতের সংযোগ পাওয়ার জন্য আবেদন করেছেন। নীতিমালা প্রণয়নের পর নতুন সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সরকারের শর্ত পূরণ করে বিদ্যুতের সংযোগ পেতে এসব আবেদনকারীকে আরও অপেক্ষা করতে হবে।বর্তমানে মৌসুমি কারণে চাহিদা কিছুটা কমে এলেও প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি অব্যাহত আছে। এই উৎপাদন ঘাটতির বড় কারণ বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহ চাহিদার তুলনায় কম। আগামী গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট। এর মধ্যে বেশ কয়েকটি নতুন বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। এর পরও ঘাটতি দেড় হাজার মেগাওয়াটের ওপরই থাকবে বলে সরকারি সূত্রগুলোর ধারণা।