বিদ্যুতের নতুন সংযোগ পাওয়া সহজ নয়
সরকার সাত মাসেরও বেশি সময় বন্ধ রাখার পর বিদ্যুতের নতুন সংযোগ চালু করার ঘোষণা দিলেও কার্যত সবার জন্য এই সংযোগ উন্মুক্ত হতে আরও অন্তত এক বছর লাগবে। মূলত চাহিদার তুলনায় বিদ্যুতের উৎপাদনঘাটতি বিবেচনা করে নতুন সংযোগ চালু করার ক্ষেত্রে যেসব শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে, তাতে খুব কমসংখ্যক আবেদনকারীই এখন সংযোগ পাবেন।তবে সরকারি সূত্রগুলো জানায়, ঘোষণা দিয়ে আর সংযোগ বন্ধ রাখা হবে না। পর্যায়ক্রমে সীমিতসংখ্যক গ্রাহককে শর্ত পূরণসাপেক্ষে সংযোগ দেওয়া অব্যাহত থাকবে। কিন্তু বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগ থেকে বিদ্যুতের নতুন সংযোগের ক্ষেত্রে আরোপিত শর্তগুলো পূরণ করে সংশ্লিষ্ট সংস্থাগুলো কীভাবে বিদ্যুৎসংযোগ দেবে, সে বিষয়ে অস্পষ্টতা রয়েছে বলে কয়েকটি সংস্থার সূত্র জানায়। একইভাবে গ্রাহকেরাও কী করবেন, কীভাবে ও কত দিনে নতুন সংযোগ পাবেন, সে ব্যাপারে বিভ্রান্ত।এ পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, একটি নতুন নিয়ম চালু করা হচ্ছে। তাই শুরুতে কিছু বোঝার ভুল থাকতে পারে, কাজের মধ্য দিয়ে তার অবসান হবে।কী করতে হবে: মন্ত্রণালয় সূত্র জানায়, আরোপিত শর্ত ও প্রক্রিয়া অনুযায়ী, কোনো বিতরণকারী সংস্থা নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রে প্রথমে বিবেচনায় নেবে, যেসব গ্রাহক ইতিমধ্যে ডিমান্ড নোট অনুযায়ী অর্থ পরিশোধ করেছেন, তাঁদের অর্ধেক। এই অর্ধেক গ্রাহক বাছাই করতে হবে গ্রাহকশ্রেণী (আবাসিক, বাণিজ্যিক, শিল্প) অনুযায়ী। প্রত্যেক শ্রেণীর গ্রাহকের মধ্যে ডিমান্ড নোট অনুযায়ী অর্থ পরিশোধকারী অর্ধেক গ্রাহক বাছাই করতে হবে। অর্থ পরিশোধের তারিখ দেখে যাঁরা আগে অর্থ পরিশোধ করেছেন, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে এই অর্ধেকের মধ্যে নিতে হবে। তাঁদের মধ্যে যাঁদের চাহিদা দুই কিলোওয়াট পর্যন্ত, তাঁদের সংযোগ দিয়ে দিতে হবে।সৌরবিদ্যুৎ অপরিহার্য: যাঁদের চাহিদা দুই কিলোওয়াটের বেশি, সংযোগ পেতে হলে কতটুকু ক্ষমতার সৌরবিদ্যুতের প্যানেল বসাতে হবে, তা তাঁদের চিঠি দিয়ে জানানো হবে। প্রয়োজনে এ ব্যাপারে গ্রাহকের সঙ্গে সংস্থার কর্মকর্তারা আলোচনাও করতে পারেন। আবার কয়েকজন কর্মকর্তার সমন্বয়ে গ্রাহকের স্থাপনা পরিদর্শন করেও বিদ্যুৎসাশ্রয়ী বাল্ব ব্যবহারসহ বিদ্যুতের ব্যবহার কম রাখার ব্যাপারে পরামর্শ দিতে পারেন।দুই কিলোওয়াটের বেশি চাহিদার কোনো শ্রেণীর গ্রাহককেই সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের শর্ত পূরণ ছাড়া সংযোগ দেওয়া হবে না। কোনো গ্রাহকের সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের জায়গা না থাকলে সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণকারী সংস্থা ওই গ্রাহকের স্থাপনা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পরামর্শ দেবে।সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন বেশ সময় ও ব্যয়সাপেক্ষ। সে ক্ষেত্রে গ্রাহকের সংযোগ পেতে অনেক দেরি হবে। এই সমস্যার সমাধান কী, জানতে চাইলে বিদ্যুৎসচিব বলেন, দুয়েক দিনের মধ্যেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে সবাইকে জানিয়ে দেওয়া হবে, কী পরিমাণ বিদ্যুতের চাহিদার জন্য কত ক্ষমতার সৌরবিদ্যুৎ প্যানেল বসাতে হবে; সৌরবিদ্যুতের প্যানেল কোথায়, কত দামে পাওয়া যাবে; এ জন্য ব্যাংকঋণের ব্যবস্থা কীভাবে সহজেই করা যাবে ইত্যাদি।সাধারণভাবে কোনো গ্রাহককেই এখন শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) চালাতে দেওয়া হবে না। তবে গবেষণাগার বা অন্য কোনো গুরুত্বপূর্ণ স্থাপনার জন্য সংশ্লিষ্ট সংস্থার অনুমোদনসাপেক্ষে এসি চালাতে দেওয়া যেতে পারে।যেসব গ্রাহকের বিদ্যুৎসংযোগ আছে, কিন্তু এর ক্ষমতা (লোড) বাড়াতে চান, তাঁদেরও একটা নির্দিষ্ট পরিমাণে সৌরবিদ্যুতের প্যানেল বসাতে হবে।বাকিদের কী হবে: এ তো গেল ডিমান্ড নোট অনুযায়ী অর্থ পরিশোধকারী অর্ধেক গ্রাহকের কথা। বাকি অর্ধেক কবে ও কীভাবে সংযোগ পাবেন? এ প্রসঙ্গে বিদ্যুৎসচিব বলেন, প্রথম কথা হচ্ছে, আপাতত নতুন করে ডিমান্ড নোট ইস্যু করা বন্ধ থাকবে। আর ডিমান্ড নোটের অর্থ পরিশোধকারী প্রথম অর্ধেক গ্রাহককে সংযোগ দেওয়ার পর বাকি অর্ধেক গ্রাহককে একই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে সংযোগ দেওয়া হবে।বিতরণকারী সংস্থা ডিপিডিসি ও ডেসকোর সূত্রে জানা গেছে, দুই কিলোওয়াট চাহিদার গ্রাহক প্রায় নেই বললেই চলে। যাঁরা ডিমান্ড নোট অনুযায়ী অর্থ পরিশোধ করেছেন, তাঁদের প্রায় সবারই চাহিদা বেশি। তাই তাঁরা মন্ত্রণালয়ের আরোপিত শর্ত অনুযায়ী, সৌরবিদ্যুতের প্যানেল স্থাপনের জন্য সবাইকে চিঠি দিয়ে জানাবেন। মোট কথা, এই সংস্থাগুলো শর্ত অনুযায়ীই সংযোগ দেওয়ার প্রক্রিয়া চালাবে।অপেক্ষা আগামী বছরের: সরকারি সূত্রগুলো জানায়, নতুন সংযোগের জন্য সারা দেশে যত গ্রাহক আবেদন করেছেন, তাতে মোট চাহিদার পরিমাণ প্রায় এক হাজার মেগাওয়াট। কিন্তু বিদ্যুৎ উৎপাদন এখনো চাহিদার তুলনায় অন্তত দেড় হাজার মেগাওয়াট কম। পুরো শীতেও প্রায় একই অবস্থা থাকবে। এর মধ্যে জানুয়ারিতে শুরু হবে বোরো চাষের জন্য সেচ। মধ্য ফেব্রুয়ারিতে এর সঙ্গে যুক্ত হবে বিশ্বকাপ ক্রিকেটের জন্য বাড়তি চাহিদা। কিন্তু এই সময়ের মধ্যে সর্বোচ্চ ৫০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ গ্রিডে যুক্ত হতে পারে।সূত্রগুলো জানায়, আগামী বছরের মধ্যভাগে আরও প্রায় ৮০০ মেগাওয়াট নতুন বিদ্যুৎ জাতীয় গ্রিডে আসবে। তখন চাহিদা ও সরবরাহের মধ্যে একটা ভারসাম্য আসবে। ধীরে ধীরে এগিয়ে আসবে আগামী বছরের শীতকালও। আগামী বছরের শেষ ও পরের বছরের (২০১২ সাল) শুরুতেও বেশ কয়েকটি নতুন বিদ্যুৎকেন্দ্র চালু হবে। তখন বিদ্যুতের নতুন সংযোগ সবার জন্য উন্মুক্ত করা সম্ভব হবে। তবে নতুন সংযোগের জন্য এখন যেসব শর্ত ও প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে, তা তখনো অব্যাহত থাকবে।