বিদ্যুতের নতুন সংযোগ বন্ধের মেয়াদ এক মাস বেড়েছে
সরকার বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া বন্ধ রাখার মেয়াদ আরও এক মাস বাড়িয়ে ৩১ অক্টোবর নির্ধারণ করেছে। অর্থাৎ আগামী ১ নভেম্বর থেকে শর্ত সাপেক্ষে নতুন সংযোগ দেওয়া শুরু হবে। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।সূত্র জানায়, নতুন সংযোগ পাওয়ার শর্ত হিসেবে প্রত্যেক গ্রাহককে তাঁর মোট চাহিদার পাঁচ শতাংশ পর্যন্ত ক্ষমতার সৌরবিদ্যুতের প্যানেল স্থাপন করতে হবে। এ জন্য প্রয়োজনে সরকারি ঋণেরও ব্যবস্থা থাকবে। তবে ছোট গ্রাহকদের এই শর্তের আওতার বাইরে রাখা হবে।বিষয়টি সম্পর্কে জানতে চাইলে বিদ্যুৎসচিব মো. আবুল কালাম আজাদ গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, এখন পর্যন্ত কিছুই চূড়ান্ত হয়নি। তবে সাধারণভাবে সরকারের ভাবনা হচ্ছে, ২০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের শর্তের বাইরে রাখা হবে। অন্যদের একটা নির্দিষ্ট পরিমাণে সৌরবিদ্যুৎ ব্যবহারের কার্যক্রম গ্রহণ করতে হবে।বিদ্যুৎসচিব বলেন, গ্রাহকেরা যাতে প্রয়োজনে ঋণ পেতে পারেন, সে ব্যাপারে আলোচনার জন্য বাংলাদেশ ব্যাংকের সঙ্গে বৈঠক করা হবে। আগামী অক্টোবর মাসের মধ্যে এসব প্রক্রিয়া চূড়ান্ত করে নভেম্বর থেকে বিদ্যুতের নতুন সংযোগ দেওয়া শুরু করা যাবে বলে তিনি আশা প্রকাশ করেন।দেশে চাহিদার তুলনায় প্রায় দুই হাজার মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি থাকায় গত এপ্রিল মাসে প্রথমে তিন মাসের জন্য বিদ্যুতের নতুন সংযোগ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। এরপর তা আরও তিন মাস বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর করা হয়। এবার তা আরও এক মাস বাড়িয়ে ৩০ অক্টোবর করা হলো।দেশের প্রতিটি এলাকায় বিদ্যুৎ বিতরণকারী সংস্থাগুলোর (পিডিবি, ডিপিডিসি, ডেসকো, আরইবি, ওজোপাডিকো) কাছে হাজার হাজার নতুন গ্রাহক বিদ্যুতের সংযোগ পাওয়ার জন্য আবেদন করেছেন। আগামী ১ নভেম্বর থেকে সংযোগ দেওয়ার প্রক্রিয়া শুরু হলেও সরকারের শর্ত পূরণ করে বিদ্যুৎসংযোগ পেতে তাঁদের আরও অনেক দিন অপেক্ষা করতে হবে।বর্তমানে মৌসুমি কারণে চাহিদা কিছুটা কমে এলেও বিদ্যুতের ঘাটতি প্রায় এক হাজার মেগাওয়াট। এত বেশি উৎপাদন-ঘাটতির কারণ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের সরবরাহ চাহিদার তুলনায় কম থাকা। আগামী গ্রীষ্মে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা হবে প্রায় সাড়ে সাত হাজার মেগাওয়াট। এর মধ্যে বেশ কয়েকটি নতুন বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। তার পরও চাহিদা দেড় হাজার মেগাওয়াটের ওপরেই থাকবে বলে সরকারি সূত্রগুলোর ধারণা।