বিদ্যুতের পাঁচ খুঁটি বিলে, বিদ্যুৎবিচ্ছিন্ন হাজারো মানুষ
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার ভোটমারী এলাকায় গত বুধবার রাত নয়টার দিকে বিদ্যুতের পাঁচটি খুঁটি উপড়ে বিলের পানিতে পড়ে যায়। এ কারণে পাটগ্রাম ও হাতীবান্ধা উপজেলার হাজারো মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। গতকাল বৃহস্পতিবার রাত নয়টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ হয়নি।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) পাটগ্রাম কার্যালয় সূত্রে জানা গেছে, ভোটমারী এলাকায় ৩৩ কেভি সঞ্চালন লাইনের ওই পাঁচটি খুঁটি উপড়ে পড়ে। এ কারণে উপজেলা দুটি বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়ে। বিকল্প খুঁটি বসানোর কাজ চলছে। এ ছাড়া খুঁটি উপড়ে পড়ার কারণ খতিয়ে দেখা হচ্ছে।
পাটগ্রাম পৌর শহরের গৃহিণী রওশন আরা প্রথম আলোকে বলেন, বিদ্যুৎ না থাকায় ভোগান্তির আর সীমা নেই। অসহ্য গরম। বাসাবাড়িতে ফ্রিজে রাখা মাছ, মাংস নষ্ট হয়ে যাচ্ছে।
কুচলিবাড়ি গ্রামের কলেজ শিক্ষার্থী পারশি বলেন, ‘বিদ্যুতের আলোতে পড়াশোনা করতে অভ্যস্ত হয়ে পড়েছি। এখন কুপির আলোতে পড়ালেখা করতে প্রচণ্ড সমস্যা হচ্ছে।’
শিক্ষার্থী তাহেরা ও হ্যাপি বলেন, বুধবার সন্ধ্যা থেকে এলাকায় বিদ্যুৎ নেই। কবে বিদ্যুৎ পাওয়া যাবে, তাও কেউ জানাতে পারছেন না।
পৌর বাজারের ব্যবসায়ী নুরু মিয়া বলেন, খুঁটি মেরামত শেষ না হওয়া পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে গতকাল বিকেলে স্থানীয় বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে পাটগ্রামে মাইকিং করা হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে পাটগ্রাম আবাসিক উপবিভাগীয় প্রকৌশলী (বিতরণ) সাইফুল ইসলাম মণ্ডল বলেন, বিকল্প খুঁটি বসানো হচ্ছে। সম্পন্ন হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ দেওয়া হবে।