বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে জানুয়ারিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী জানুয়ারি থেকে বিদ্যুতের পাইকারি দাম বাড়তে পারে। গত সপ্তাহে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) এই দাম বাড়ানোর প্রস্তাব পাঠিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি)। তাতে ১৮ দশমিক ১২ শতাংশ দাম বাড়ানোর অনুরোধ করা হয়েছে।
জা্নতে চাইলে, বিইআরসির সদস্য সেলিম মাহমুদ প্রথম আলোকে বলেন, ‘প্রস্তাব পেয়েছি। এখন বিইআরসির কারিগরি দল এটি পরীক্ষা-নিরীক্ষা করবে। তারপর কমিশনে উপস্থাপন করা হবে। কমিশন সেটি গ্রহণ করলে পরবর্তী কার্যক্রম হিসেবে শুনানি অনুষ্ঠিত হবে।’
পিডিবি ও বিইআরসির সূত্রগুলো জানায়, পিডিবির প্রস্তাব অনুযায়ী দাম বাড়ানো হলে প্রতি ইউনিট (এক কিলোওয়াট ঘণ্টা) বিদ্যুতের পাইকারি দাম বর্তমানের চার ট াকা ৭০ পয়সা থেকে বেড়ে পাঁচ টাকা ৫১ পয়সা হবে। বর্তমানে প্রতি ইউনিট বিদ্যুতের উৎপাদন ব্যয় ছয় টাকা ৫৪ পয়সা।
কাজেই দাম বাড়ানো হলেও উৎপাদন ব্যয় ও পাইকারি বিক্রির মধ্যে প্রতি ইউনিটে ব্যবধান থাকবে এক টাকা তিন পয়সা। এই ব্যবধান ঘোচানোর জন্য সরকারকে বছরে প্রায় চার হাজার কোটি টাকা ভর্তুকি দিতে হবে। এখন দিতে হচ্ছে প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকা।
বিদ্যুতের পাইকারি দাম বাড়লেও সাধারণ গ্রাহকের ক্ষেত্রে সরাসরি দাম বাড়ে না। এই মূল্যবৃদ্ধি প্রযোজ্য হয় বিতরণ কোম্পানিগুলোর ক্ষেত্রে। পাইকারি দাম বাড়লে পিডিবির কাছ থেকে বিতরণ কোম্পানিগুলোকে বাড়তি দামে বিদ্যুৎ কিনে গ্রাহকের কাছে বিক্রি করতে হবে।
সে ক্ষেত্রে পাইকারি দাম বাড়ার সঙ্গে সঙ্গেই বিতরণ কোম্পানিগুলোও গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর প্রস্তাব পাঠাবে বিইআরসির কাছে। কাজেই পাইকারি মূল্যবৃদ্ধি সাধারণ গ্রাহক পর্যায়ে দাম বাড়ানোর পূর্বাভাস বলে মনে করা হয়।
গ্রাহক পর্যায়ে বিদ্যুতের সর্বশেষ দাম বাড়ানো হয় গত মার্চ মাসে। তখন প্রতি ইউনিটের দাম বাড়ানো হয়েছিল গড়ে ৬ দশমিক ৯৬ শতাংশ। তাতে গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটের গড় দাম পড়ছে প্রায় সাড়ে পাঁচ টাকা।