বিদ্যুতের বকেয়া বিল প্রায় পাঁচ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমানে বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ প্রায় পাঁচ হাজার কোটি টাকা বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তিনি বলেন, বকেয়া বিলের বেশির ভাগই বেসরকারি খাতের। গতকাল সংসদে তিনি এ তথ্য জানান।
সরকারি দলের সামশুল হক চৌধুরীর এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ২০১৬ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিদ্যুতের বকেয়া বিলের পরিমাণ ৪ হাজার ৯২৬ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানের কাছে ৪৮৪ কোটি ৪৪ লাখ ৯০ হাজার, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত খাতে ৩৮৫ কোটি ৯ লাখ ৩০ হাজার এবং বেসরকারি খাতে ৪ হাজার ৫৬ কোটি ৫৩ লাখ ৬০ হাজার টাকা।
স্বতন্ত্র সাংসদ রুস্তম আলীর ফরাজীর প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, মে ও জুন মাসে প্রচণ্ড গরমের কারণে বিদ্যুতের চাহিদা বেড়ে যায়। এর পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ সরবরাহ সামঞ্জস্যপূর্ণ করতে লোডশেডিং করা হচ্ছে।
সোহরাব উদ্দিনের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ব্যাটারিচালিত অটো যানবাহন চালুর প্রথম দিকে অনিয়ন্ত্রিত চার্জিংয়ের জন্য সরকার এটি বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছিল। কিন্তু সরকার এসব যানবাহনের জনপ্রিয়তার কথা বিবেচনা করে এবং তুলনামূলক পরিবেশবান্ধব হওয়ায় এসব যানের নিয়ন্ত্রিত চার্জিংয়ের ব্যবস্থা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। সে জন্য ব্যাটারিচালিত যানবাহনের জন্য কেরানীগঞ্জ ও সিলেটে দুটি চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে। আরও আটটি স্টেশন স্থাপনের কাজ চলমান আছে।
মিজানুর রহমানের প্রশ্নের জবাবে নসরুল হামিদ বলেন, ২০২১ সালের মধ্যে সবার জন্য বিদ্যুৎ-সুবিধা নিশ্চিত করতে বিদ্যুতের উৎপাদনক্ষমতা ২৪ হাজার এবং ২০৪১ সালের মধ্যে ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
ট্যানারিমালিকদের কারখানা সাভারে স্থানান্তরের জন্য দফায় দফায় তাগিদ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। জাসদের রেজাউল করিম তানসেনের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, হাজারীবাগ থেকে সাভারের চামড়াশিল্পনগরীতে কারখানা স্থানান্তরের অংশ হিসেবে ১৫৫টি শিল্পকারখানার মধ্যে ১৫৩টির লে-আউট প্ল্যান প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। লে-আউট অনুযায়ী ইতিমধ্যে ১৪৩টি প্রতিষ্ঠান তাদের নির্মাণকাজ শুরু করেছে।
এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে মিডিয়াভুক্ত ৪৩৪ এবং মিডিয়াবহির্ভূত ৬৪৪টি দৈনিক পত্রিকা রয়েছে। এর মধ্যে ১ হাজার ৫টি পত্রিকার প্রকাশক ও সম্পাদক একই ব্যক্তি।
প্রশ্নোত্তরের আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়। প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।