বিদ্যুতের বিকল্প উৎস সন্ধানে প্রকৌশলীদের প্রতি রাষ্ট্রপতির আহ্বান
রাষ্ট্রপতি জিল্লুর রহমান বিদ্যুতের তীব্র সংকট নিরসনে সরকারের নিরলস প্রচেষ্টায় সহায়তার লক্ষ্যে বিকল্প উৎস সন্ধানের জন্য তড়িৎ প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি গতকাল শনিবার নগরের এক হোটেলে ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়ের (আইসিইসি ২০১০) ষষ্ঠ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধনকালে এই আহ্বান জানান। খবর বাসসের।রাষ্ট্রপতি বলেন, স্বল্প উৎপাদনের বিপরীতে বিদ্যুতের ব্যাপক চাহিদা মোকাবিলায় নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখা সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। তিনি বলেন, মূলত উন্নত বিশ্বেই বিজ্ঞান ও প্রযুক্তির ব্যাপক সম্প্রসারণ ঘটেছে। উন্নয়নশীল দেশগুলো এখনো এ ক্ষেত্রে পিছিয়ে আছে। আজকের দিনের প্রযুক্তিবিজ্ঞানীদের দায়িত্ব হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে কম মূল্যে পরিবেশবান্ধব ও টেকসই প্রযুক্তি সরবরাহ করা, যাতে তারা দ্রুত এগিয়ে যেতে পারে।বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ ও আইইই যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে। এতে ১২টি দেশের ইলেকট্রিক্যাল বিজ্ঞানীরা অংশ নিচ্ছেন। এ ছাড়া সম্মেলনে ১৯৩টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এসব গবেষণাপত্রে সৌরবিদ্যুৎ, টেলিযোগাযোগ, ইলেকট্রনিকস, ন্যানো প্রযুক্তি, বায়োমেডিকেল প্রযুক্তি, তথ্যপ্রযুক্তিসহ নতুন প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হবে।রাষ্ট্রপতি বলেন, এসব গবেষণাপত্র একদিকে বিশ্বের জ্ঞানভিত্তিক অর্থনীতিকে সমৃদ্ধ করবে, অন্যদিকে দেশের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়নে সহায়ক হবে। বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে বিশেষ অতিথির বক্তৃতা করেন চিফ হুইপ এম আব্দুস শহীদ। স্বাগত ভাষণ দেন সম্মেলনের টেকনিক্যাল সভাপতি ও বুয়েটের অধ্যাপক প্রাণ কানাই সাহা।