বিদ্যুতের বিতরণবৈষম্যে মানিকগঞ্জের গ্রাহকেরা
চাহিদার তুলনায় সরবরাহ অর্ধেকেরও কম এবং সরবরাহ করা বিদ্যুতের অর্ধেকেরও বেশি জেলার বাইরে দুটি উপজেলাসহ একটি শিল্পপ্রতিষ্ঠানে বিতরণের কারণে মানিকগঞ্জের বিদ্যুৎ গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। এর বাইরে রয়েছে দিনে-রাতে তিন-চারবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সুইচ বন্ধ করে দেওয়া ও আন্ডার ফ্রিকোয়েন্সির ঝামেলা।মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি (পবিস) সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় জেলার সাতটি উপজেলাসহ সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এসব উপজেলায় প্রায় দেড় লাখ গ্রাহকের চাহিদা ৬৫ থেকে ৭০ মেগাওয়াট। অথচ সরবরাহ পাওয়া যাচ্ছে ১৯ থেকে ২০ মেগাওয়াট। এর মধ্যে একটি স্টিল মিলকে দিতে হয় নয় মেগাওয়াট। বাকি নয় থেকে ১০ মেগাওয়াট বিদ্যুৎ বিতরণ করা হয় দেড় লাখ গ্রাহকের মধ্যে।খোঁজ নিয়ে জানা গেছে, জেলা শহর ছাড়া মানিকগঞ্জের সাতটি উপজেলা সদর ও গ্রামাঞ্চলে রাত-দিনে চার থেকে ছয় ঘণ্টার বেশি বিদ্যুৎ থাকে না। কখনো কখনো আবার আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১০-১৫ মিনিট পরপরই বিদ্যুৎ যাওয়া-আসা করে। গত বৃহস্পতিবার সাটুরিয়া উপজেলা সদরে লোডশেডিং দেওয়া হয় সন্ধ্যা সাতটার দিকে। বিদ্যুৎ আসে রাত ১০টায়। এক ঘণ্টা পর রাত ১১টায় আবার চলে যায় বিদ্যুৎ। রাত দুইটায় বিদ্যুৎ এলেও চলে যায় ভোর সাড়ে চারটায়। এই চিত্র পাশের দুই উপজেলার। তবে মানিকগঞ্জ জেলা শহরে দিন-রাত গড়ে ১৮ থেকে ২০ ঘণ্টা বিদ্যুৎ থাকে। নাম প্রকাশ না করার শর্তে মানিকগঞ্জ পবিসের একজন কর্মকর্তা বলেন, বিদুৎ সরবরাহের ক্ষেত্রে মানিকগঞ্জবাসী বৈষম্যের শিকার। যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ করা হয় সেখান থেকে আবার প্রায় অর্ধেক দেওয়া হচ্ছে একটি শিল্পপ্রতিষ্ঠানকে। তার ওপর আবার দিনে-রাতে অন্তত তিন-চারবার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ থেকে সুইচ বন্ধ করে দেওয়া হয়। আর আন্ডার ফ্রিকোয়েন্সির কারণে ১০-১৫ মিনিট পরপর বিদ্যুৎ যাওয়া-আসার খেলা তো আছেই। মানিকগঞ্জ পবিসের মহাব্যবস্থাপক অসীম কুমার দাস বলেন, চাহিদার তুলনায় সরবরাহ মিলছে অর্ধেকেরও কম। এ ছাড়া সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় বিদ্যুৎ সরবরাহ হয় এখান থেকেই। এ কারণে মানিকগঞ্জের গ্রাহকেরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তিনি আরও বলেন, রমজান মাস উপলক্ষে ইফতার ও সেহরি এবং পিক আওয়ারে ওই স্টিল মিলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হচ্ছে। এর ফলে ইফতার ও সেহরির সময় গ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হচ্ছে বলে দাবি করেন তিনি।