বিদ্যুতের ভর্তুকি সেচ ব্যবস্থাপকের পকেটে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের গৌরনদী উপজেলার গয়নাঘাট প্রাইমারি সেচ প্রকল্পের গ্রুপ ম্যানেজার মো. হাবুল তালুকদার পাঁচ হাজার কৃষকের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের অভিযোগ, ওই ম্যানেজার বৈদ্যুতিক বিল পরিশোধের সময় সরকারের দেওয়া ভর্তুকি (মোট টাকা থেকে ২০ শতাংশ বাদ দিয়ে বিল দেন) সুবিধা পান। কিন্তু তাঁর অধীন ২৫টি সেচ প্রকল্পের ম্যানেজার (ব্লক ম্যানেজার) ও পাঁচ হাজার কৃষক ওই সুবিধা পান না। অথচ সরকার কৃষকদের জন্যই এই ভর্তুকি দিয়েছে। এ সুবিধা না পাওয়ায় কৃষকদের সেচ বাবদ অতিরিক্ত টাকা দিতে হচ্ছে। পাশাপাশি তিনি সঠিক সময়ে এবং চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করেন না। এতে বোরো চাষ ব্যাহত হচ্ছে।এ অনিয়মের প্রতিবাদে গত ৫ জানুয়ারি চাঁদশী হাটে চাঁদশীর ইউপি চেয়ারম্যান কৃষ্ণ কান্ত দের সভাপতিত্বে ব্লক ম্যানেজার ও কৃষকদের এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।ভুক্তভোগী কৃষক ও কয়েকজন প্রকল্প ব্যবস্থাপক জানান, ২০০৮ সালে উপজেলার কসবা গ্রামের বাসিন্দা মো. হাবুল তালুকদার বাংলাদেশ কৃষি উন্নয়ন সংস্থার (বিএডিসি) গৌরনদী কার্যালয় থেকে পাঁচ কিউসেকের একটি বৈদ্যুতিক সেচ পাম্প ইজারা নেন। ওই সময় তিনি পাম্পটি গয়নাঘাট স্লুইস গেট এলাকায় চাঁদশী খালের সংযোগমুখে স্থাপন করে সেচ প্রকল্প চালু করেন। এ প্রকল্পের আওতায় গৌরনদী পৌর এলাকার উত্তর বিজয়পুর, বানিয়াশুরী, পালরদী, গোবর্দ্ধন, দক্ষিণ গোবর্দ্ধন, চাঁদশী ইউনিয়নের পশ্চিম বানিয়াশুরী, চাঁদশী, দক্ষিণ চাঁদশী, উত্তর চাঁদশী ও কুমারভাঙ্গ গ্রামের ২৫টি ছোট ছোট সেচ প্রকল্প রয়েছে। এসব প্রকল্পের মাধ্যমে তিন হাজার একরে সেচ দেওয়া হয়। স্থানীয় কৃষক তাহের আলী ও ইউনুস সরদার অভিযোগ করেন, ব্লক ম্যানেজাররা মো. হাবুল তালুকদারের কাছে থেকে সেচের পানি কিনে সাধারণ কৃষকদের কাছে বিক্রি করেন। প্রতি ২০ শতাংশ জমিতে পানি দেওয়ার জন্য হাবুল তালুকদারকে ব্লক ম্যানেজারদের ২৫০ টাকা পরিশোধ করতে হয়। তাঁরা আবার একই পরিমাণ জমিতে সেচ দেওয়ার জন্য কৃষকের কাছ থেকে ৪০০-৫০০ টাকা আদায় করেন।কয়েকজন কৃষক অভিযোগ করেন, হাবুল তালুকদারের প্রতি ২০ শতাংশ জমিতে সেচ খরচ বাবদ ১৫০ টাকা নেওয়া উচিত। কিন্তু তিনি ১০০ টাকা অতিরিক্ত নিচ্ছেন। উপরন্তু ভর্তুকি-সুবিধাও পাচ্ছেন তিনি। এ ক্ষেত্রে সেচ বাবদ অতিরিক্ত টাকা খরচ হচ্ছে। পল্লী বিদ্যুৎ সমিতির গৌরনদী কার্যালয়ের ডিজিএম (কম) মীর মো. গোলাম ফারুক জানান, গত বছর বোরো মৌসুমে গয়নাঘাট সেচ প্রকল্পের ম্যানেজার সরকারি বিদ্যুৎ ভর্তুকি হিসেবে ডাবল পাম্পে ভর্তুকি-সুবিধা হিসেবে প্রায় ৪০ হাজার টাকা ভর্তুকি পান। বানিয়াশুরী ব্লক ম্যানেজার মো. জাহাঙ্গীর আকন ও গোবর্দ্ধন বাতামতলার সিদ্দিক সিকদার, চাঁদশীর শাহীন সরদার ও দক্ষিণ চাঁদশীর আলাউদ্দিন অভিযোগ করেন, চুক্তি অনুযায়ী প্রাইমারি প্রকল্পের পাঁচ কিউসেক পানি দুটি পাম্পের মাধ্যমে সরবরাহ করতে হবে। একই সঙ্গে সেচ খালে সব সময় পাঁচ ফুট পানি থাকতে হবে। প্রাইমারি সেচ ম্যানেজার মো. হাবুল তালুকদার বলেন, কৃষকদের জিম্মি করে অতিরিক্ত টাকা আদায় করার অভিযোগ ঠিক নয়। তিনি দাবি করেন, একটি পাম্প নষ্ট হওয়ায় পানি সরবরাহে সমস্যা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, কৃষক ও ব্লক ম্যানেজারদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তাকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।