বিদ্যুতের ভর্তুকির টাকা সেচ পাম্পের মালিকদের পকেটে
পল্লী বিদ্যুতের আওতাভুক্ত সেচপাম্পগুলোর বিদ্যুৎ বিলের ওপর ২০ শতাংশ ভর্তুকি দিচ্ছে সরকার। রংপুরের তারাগঞ্জ উপজেলায় এ সুফল কৃষকেরা পাচ্ছেন না। সেচপাম্পের মালিকেরা নানা অজুহাত দেখিয়ে কৃষকের কাছ থেকে সেচের খরচ বাড়িয়ে নিচ্ছেন। ভর্তুকির অর্থের পুরো সুবিধাই পাচ্ছেন সেচপাম্পের মালিকেরা। রংপুর-২ পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির কার্যালয় থেকে জানা গেছে, তারাগঞ্জ উপজেলায় বিদ্যুৎ-চালিত সেচপাম্প রয়েছে ৭৮০টি। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে বিদ্যুৎ-চালিত পাম্প থেকে সেচসুবিধা নিয়ে উপজেলায় আট হাজার ৯১০ হেক্টর জমিতে বোরো চাষ করেছেন কৃষকেরা। উপজেলার মেনানগর গ্রামের কৃষক মহুবার রহমান জানান, স্থানীয় সেচপাম্পের মালিক মশিয়ার রহমান গত বছর একরপ্রতি সেচের জন্য চার হাজার ৫০০ টাকা নেন। এ বছর তিনি ছয় হাজার টাকা দাবি করেছেন। ডাঙ্গাপাড়া গ্রামের বোরো চাষি মজিবর রহমান জানান, সেচপাম্পের মালিকেরা এবার প্রতি একরে দুই হাজার টাকা করে বেশি নিয়েছেন।জলুবার গ্রামের কৃষক নুর বকস জানান, সেচপাম্পের মালিকেরা ভর্তুকি পান। অথচ তাঁরা সেচের খরচ এক টাকাও কম নেন না। চলতি মৌসুমে তাঁরা একরপ্রতি দুই হাজার টাকা বেশি দাবি করেছেন।এ ব্যাপারে সয়ার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, সেচে ভর্তুকির পুরো সুবিধা পাচ্ছেন সেচপাম্পের মালিকেরা। এ বিষয়ে সরকারের নীতিমালা না থাকায় বঞ্চিত হচ্ছেন সাধারণ কৃষক। দোলাপাড়া গ্রামের সেচপাম্পের মালিক হামিদুর রহমান দাবি করেন, ‘সরকার ভর্তুকি দিলেও সেচে এখন খরচ অনেক বেশি। তবে ভর্তুকির কারণে কেবল সেচপাম্পের মালিকেরাই লাভবান হচ্ছেন বলে তিনি স্বীকার করেন। মেনানগর গ্রামের সেচপাম্পের মালিক সাইদুর ইসলাম জানান, বিদ্যুতের দাম বেড়েছে, তা ছাড়া বৃষ্টি না হওয়ায় বেশি সেচ দিতে হচ্ছে। এ কারণে তাঁরা কৃষকদের কাছ থেকে সেচ বাবদ বেশি টাকা নিচ্ছেন। বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ তারাগঞ্জ অঞ্চলের সহকারী প্রকৌশলী আহসানুল করিম ও উপজেলা কৃষি কমকর্তা সমীর চন্দ্র ঘোষ বলেন, এক একর জমিতে সেচ দিতে বিদ্যুৎ খরচ হয় এক হাজার ১০০ থেকে এক হাজার ৩০০ টাকা। প্রতি একরে সেচপাম্পের চালকের মজুরি ৪০০ টাকা করে ধরলেও প্রতি একরে খরচ পড়বে এক হাজার ৫০০ থেকে এক হাজার ৭০০ টাকা। বৃষ্টি হলে খরচ আরও কমবে।পাগলাপীর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক নরেন্দ্র নাথ সরকার বলেন, বিদ্যুৎ বিলের ওপর শতকরা ২০ টাকা ভর্তুকি সেচপাম্পের মালিকেরা পাচ্ছেন। সাধারণ কৃষকের উচিত তাঁদের কাছে ভর্তুকির টাকা আদায় করে নেওয়া।