বিদ্যুতের ভোগান্তির প্রতিবাদে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুনামগঞ্জে বিদ্যুতের ভোগান্তির প্রতিবাদে ও নিরবচ্ছিন্ন বিদ্যুতের দাবিতে গতকাল বুধবার বিকেলে বিক্ষোভ ও বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করা হয়। সুনামগঞ্জ পৌরসভার মেয়র মো. আয়ূব বখত জগলুলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
বিকেল সাড়ে চারটায় পৌর ভবন প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি সুনামগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ের কাছাকাছি এলে কোর্ট পয়েন্টে পুলিশ বাধা দেয়। সেখানে বক্তব্য দেন পৌর মেয়র মো. আয়ুব বখত জগলুল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি সৈয়দ শামসুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক নজরুল ইসলাম প্রমুখ।
পৌর মেয়র তাঁর বক্তব্যে বলেন, ‘সুনামগঞ্জে দীর্ঘদিন থেকে প্রায় ১৬ হাজার গ্রাহক বিদ্যুতের জন্য চরম ভোগান্তি পোহাচ্ছেন। দিনে ৩০-৪০ বার বিদ্যুৎ আসা-যাওয়া করে। সঙ্গে আছে লোডশেডিং। বিদ্যুৎ না পেলে কঠোর আন্দোলন শুরু হবে।’ পরে তিনি লোকজন নিয়ে সুনামগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে ঢুকে নির্বাহী প্রকৌশলীকেও একই কথা শুনিয়ে আসেন।
সুনামগঞ্জ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, বিদ্যুতের কোনো সমস্যা নেই, সমস্যা হলো লাইনে। পুরোনো লাইনটিতে প্রায়ই ত্রুটি দেখা দেয়।