বিদ্যুতের মিটার কার্ড চালু হলেও ব্যবহার নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লোহাগড়ায় মিটার রিডিংয়ে স্বচ্ছতা ও গ্রাহকের কাছে বিশ্বাসযোগ্যতা আনতে এক বছর আগে মিটার কার্ড চালু করলেও তা ব্যবহার করা হচ্ছে না। সঠিকভাবে মিটার রিডিং না হওয়ায় গ্রাহকদের গুনতে হচ্ছে অতিরিক্ত বিদ্যুৎ বিল।
গ্রাহকেরা জানান, প্রতি মাসেই প্রকৃত রিডিংয়ের চেয়ে অতিরিক্ত রিডিং দেখিয়ে বিল তৈরি করা হয়। ফলে গ্রাহকদের প্রকৃত বিদ্যুৎ বিলের চেয়ে অতিরিক্ত বিল দিতে হচ্ছে। গত বছরের অক্টোবর মাসে প্রতিটি মিটারের সঙ্গে কার্ড ঝুলিয়ে দেওয়া হয়। কার্ডে মিটার রিডিংয়ের তারিখ, বর্তমান রিডিং, রিডিং গ্রহণকারীর নাম ও পদবি এবং গ্রাহকের স্বাক্ষর ঘর রয়েছে। প্রতি মাসে রিডিং গ্রহণের সময় এ ঘরগুলো মিটার রিডিং গ্রহণকারীর পূরণ করার নিয়ম রয়েছে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ সূত্রে জানা গেছে, গত অক্টোবরে এই সমিতির আওতাধীন লোহাগড়া উপজেলায় ১৭ হাজার ৪২৬ জন বিদ্যুৎ গ্রাহককে মিটার কার্ড দেওয়া হয়। প্রথম স্তরে ৭৫ ইউনিটে ৩ দশমিক ৮৭ টাকা, দ্বিতীয় স্তরে ১২৫ ইউনিটে ৫ দশমিক ০১ টাকা, তৃতীয় স্তরে ১০০ ইউনিটে ৫ দশমিক ১৯ টাকা করে, চতুর্থ স্তরে ১০০ ইউনিটে ৫ দশমিক ৪২ টাকা করে এবং পঞ্চম স্তরে ৮ দশমিক ৫১ টাকা করে ইউনিটপ্রতি বিল দিতে হয়। ইউনিট বেশি হলে অতিরিক্ত টাকার পরিমাণ বাড়তে থাকে। আবার সেই হারে গ্রাহককে ভ্যাটও বেশি দিতে হয়।
গ্রাহকদের অভিযোগ, সঠিক মিটার রিডিং নিশ্চিত করতে এই মিটার কার্ড দেওয়া হয়েছে। অথচ রিডিং গ্রহণকারীরা এ কার্ড ব্যবহার করছেন না। তাঁরা না এসেই অনুমানের ভিত্তিতে অতিরিক্ত রিডিং দিচ্ছেন। ফলে গ্রাহককে বাড়তি টাকা গুনতে হচ্ছে। এ বিষয়ে লোহাগড়া উপজেলায় অবস্থিত লক্ষ্মীপাশা উপ-আঞ্চলিক (সাব জোনাল) পল্লী বিদ্যুৎ অফিসে অভিযোগ করেও কোনো কাজ হয়নি।
লোহাগড়া উপজেলা সদরের কলেজপাড়ার বিদ্যুৎ গ্রাহক মমতাজ বেগম অভিযোগে বলেন, গত ফেব্রুয়ারি মাসের পর থেকে এ পর্যন্ত কার্ডে রিডিং তুলে দেওয়া হয়নি। এ সময়ে অস্বাভাবিক বিল এসেছে। এ কারণে অতিরিক্ত বিদ্যুৎ বিল দিতে হয়েছে।
পোদ্দারপাড়ার বাসিন্দা এফ এম আফজালুল আলম বলেন, গত ৩০ এপ্রিল ঝড়ে মিটার কার্ডটি উড়ে যায়। এ পর্যন্ত বিদ্যুৎ অফিসের কেউ তা দেখতে আসেননি।
পল্লী বিদ্যুতের লক্ষ্মীপাশা উপ-আঞ্চলিক কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) রথিন্দ্রনাথ বসাক বলেন, এসব অভিযোগের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
যশোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর মহাব্যবস্থাপক সালাউদ্দীন আল বিতার প্রথম আলোকে বলেন, প্রতি মাসের মিটার রিডিং নেওয়ার সময় কার্ডে সংশ্লিষ্ট গ্রাহকের ব্যবহৃত বিদ্যুতের পরিমাণ লিখে দিতে হবে। রিডিং গ্রহণকারীরা এ কার্ড ব্যবহার না করলে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।