বিদ্যুতের মিটার রিডিং বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হিসেবে চিহ্নিত করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। একই সঙ্গে দুর্নীতিবাজ মিটার রিডারদের বিরুদ্ধে বিভাগীয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি। কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে গতকাল রোববার ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় সৌরবিদ্যুতের প্যানেল নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি শুল্ক প্রত্যাহারেরও সুপারিশ করা হয়। সভায় জানানো হয়, আসন্ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। সভা শেষে এক সংবাদ ব্রিফিংয়ে সভাপতি বলেন, কমিটি পর্যবেক্ষণ করে দেখেছে, বিদ্যুৎ বিভাগে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত হচ্ছে মিটার রিডিং বিভাগ। অর্থের বিনিময়ে পাঁচ লাখ টাকার রিডিংয়ের বিপরীতে দেড় লাখ টাকা বিল করে দেওয়ার বহু নজির আছে। এ ধরনের কাজ এখনো বন্ধ হয়নি। সংসদ ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এ ব্রিফিংয়ে সুবিদ আলী ভূঁইয়া বলেন, মিটার রিডাররা ছোট চাকরি করলেও তাঁরা সরকারের বড় ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছেন। তাঁদের দুর্নীতির কারণেই বিদ্যুৎ বিভাগকে প্রতিবছর লোকসান দিতে হচ্ছে। বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে সরকার। তাই দুর্নীতিগ্রস্ত মিটার রিডারদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে কমিটি জোর সুপারিশ করেছে। মন্ত্রণালয় এ ব্যাপারে অবশ্যই ব্যবস্থা নেবে বলে কমিটি আশা করে। সভাপতি বলেন, ‘অর্থমন্ত্রী আমাদের আশ্বস্ত করেছেন যে আসন্ন বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি খাতকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এই খাতের জন্য পর্যাপ্ত বরাদ্দ রাখা হবে।’ এ ছাড়া সৌরবিদ্যুতের প্যানেল নির্মাণে প্রয়োজনীয় যন্ত্রপাতির আমদানি শুল্ক প্রত্যাহারেরও আশ্বাস পাওয়া গেছে বলে তিনি জানান। সুবিদ আলী জানান, ‘কুইক রেন্টাল’-এর মাধ্যমে এক হাজার ১২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়া খুব শিগগির শেষ হবে। এর মধ্যে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের জন্য কার্যাদেশ দেওয়া হয়েছে। কার্যাদেশ দেওয়ার অপেক্ষায় আছে আরও ২৫০ মেগাওয়াট। এ ছাড়া সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বিবেচনাধীন আছে আরও ৫৭০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্রস্তাব। এক প্রশ্নের জবাবে সুবিদ আলী বলেন, বিনা দরপত্রে হলেও ক্রয়নীতি (পিপিআর) অনুযায়ীই কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র করা হচ্ছে। আর বিশেষ পরিস্থিতিতে কোনো কাজ দরপত্র ছাড়া করতে কোনো আইনি বাধা নেই।সভাপতি বলেন, ‘সরকারের একার পক্ষে বিদ্যুৎ সমস্যার সমাধান সম্ভব নয়। এ কারণেই আমরা বেসরকারি খাতে বিদ্যুৎ উৎপাদনের বিষয়টিতে এত গুরুত্ব দিচ্ছি।’ মন্ত্রণালয়ের কাজের গতিও এখন আশাব্যঞ্জক বলে দাবি করেন তিনি।