বিদ্যুতের মূল্য বৃদ্ধির ঘোষণা আসতে পারে ১ মার্চ
আগামী ১ মার্চ পল্লী বিদ্যুৎ বোর্ড (আরইবি) ছাড়া সারা দেশের গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর ঘোষণা আসতে পারে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) আনুষ্ঠানিকভাবে মূল্য বৃদ্ধির এ ঘোষণা দেবে। মূল্য বৃদ্ধির হার গড়ে সাত শতাংশ পর্যন্ত হতে পারে। তবে কৃষিকাজে ব্যবহূত বিদ্যুত্ এবং ১০০ ইউনিট পর্যন্ত ব্যবহারকারী গ্রাহকদের ক্ষেত্রে দাম না বাড়ার সম্ভাবনা বেশি। সংশ্লিষ্ট সরকারি সূত্রে এ খবর জানা গেছে।বিইআরসি সূত্র জানায়, বিদ্যুৎ উৎপাদন বা বিতরণকারী কোনো সংস্থা দাম বাড়ানোর আবেদন করার পর এ বিষয়ে সিদ্ধান্ত ঘোষণার জন্য বিইআরসিকে গণশুনানিসহ কিছু আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্ন করে আইনে নির্ধারিত নির্দিষ্ট সময়ের মধ্যে ঘোষণা দিতে হয়। সে অনুযায়ী বিদ্যুত্ উন্নয়ন বোর্ডের (পিডিবি) আবেদন সম্পর্কে ঘোষণার শেষ সময় আগামী ২ মার্চ। এর পরবর্তী দুই সপ্তাহের মধ্যে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ডিপিডিসি), ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো) এবং পশ্চিমাঞ্চল বিদ্যুৎ বিতরণ কোম্পানির (ওজোপাডিকো) আবেদন সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণার আইনি বাধ্যবাধকতা রয়েছে। ইতিমধ্যে আইনগত প্রক্রিয়া শেষ করেছে বিইআরসি। এখন প্রতিটি সংস্থার আবেদন সম্পর্কে আলাদাভাবে সিদ্ধান্ত ঘোষণা না করে আগামী ১ মার্চ এক দিনেই সব সংস্থার আবেদন সম্পর্কে সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। এ ব্যাপারে ২৮ ফেব্রুয়ারি চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।বিইআরসি কার্যকর হওয়ার পর প্রথম পাইকারি (পিডিবির ক্রেতা সংস্থাগুলো) পর্যায়ে ১৬ শতাংশ দাম বাড়ায় ২০০৮ সালের ১ অক্টোবর থেকে। এর ফলে বিদ্যুৎ কেনার ব্যয় বেড়ে যাওয়া ও নিজ নিজ বিতরণ ব্যবস্থার উন্নয়নের যুক্তিতে বিতরণকারী সংস্থাগুলো একে একে বিইআরসির কাছে আবেদন করে গ্রাহক পর্যায়ে তাদের সরবরাহ করা বিদ্যুতের দাম বাড়ানোর জন্য।