বিদ্যুতের মূল্যবৃদ্ধি রুখতে কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চেষ্টার প্রতিবাদে ১৬ মার্চ জ্বালানি মন্ত্রণালয়ের সামনে অবস্থান এবং সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে সিপিবি ও বাসদ।
গতকাল সোমবার সিপিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তাতে বলা হয়, সিপিবির কার্যালয়ে দল দুটির এক বৈঠকে এ কর্মসূচি গৃহীত হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমের সভাপতিত্বে এ সভায় বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) সাধারণ সম্পাদক খালেকুজ্জামানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।
সভায় বলা হয়, জনমত উপেক্ষা করে সরকার গত পাঁচ বছরে ছয়বার বিদ্যুতের দাম বাড়িয়েছে। এখন কীভাবে দাম কমানো যায়, সে বিষয়ে গণশুনানি করার আহ্বান জানান নেতারা।
এ ছাড়া বিদ্যুতের দাম কমানোর দাবিতে মোহাম্মদপুরে পদযাত্রা করে সিপিবির মোহাম্মদপুর শাখা।
দাম কমাতে নাগরিক সমাবেশ: গরিব গ্রাহক ও সেচকাজে ব্যবহূত বিদ্যুতের দাম কমানোসহ নানা দাবিতে গতকাল বিকেলে নাগরিক সমাবেশ হয় জাতীয় প্রেসক্লাবের সামনে।
নাগরিক সমাবেশে সভাপতিত্ব করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ। বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাসদের কেন্দ্রীয় নেতা বজলুর রশীদ ফিরোজ, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী, সংগীতশিল্পী মাহমুদুজ্জামান বাবু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বিদ্যুতের দাম সমন্বয়ের নামে মূলত গরিবের পকেট কাটা ও কৃষি ধ্বংসের প্রস্তাব করা হয়েছে।
বিইআরসির সামনে দাবিনামা: বিদ্যুতের মূল্যবৃদ্ধির চেষ্টা থেকে সরে আসার দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) বরাবর দাবিনামা পেশ করবে গণসংহতি আন্দোলন। গতকাল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। বিজ্ঞপ্তি।