বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ বিএনপির বিক্ষোভ
বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আজ শুক্রবার সারা দেশে বিক্ষোভ মিছিল করবে বিএনপি। সারা দেশের উপজেলা, জেলা, মহানগর ও রাজধানীর থানায় থানায় এ কর্মসূচি পালন করা হবে।
গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
সংবাদ সম্মেলনে রিজভী দাবি করেন, ক্ষমতাসীনদের আত্মীয়স্বজনের মালিকানায় থাকা ভাড়াভিত্তিক বিদ্যুৎকেন্দ্র কুইক রেন্টালের ভর্তুকি মেটাতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। ইতিমধ্যে কুইক রেন্টালের নামে হাজার হাজার কোটি টাকা লোপাট করা হয়েছে।
এর আগে বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করেন। তিনি অভিযোগ করেন, ক্ষমতাসীনদের কুইক রেন্টালের চুরি হালাল করতে বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। এর মধ্য দিয়ে সরকার জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। এতে মানুষের ভোগান্তি বাড়বে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানও সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করেন। স্বাধীনতা দিবস উপলক্ষে শ্রমিক দল জাতীয় প্রেসক্লাবে ওই আলোচনার আয়োজন করে।