বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে, গ্যাস ও পানির সংকটের সমাধান এবং সীমান্তে হত্যা বন্ধের দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বিএনপি নারায়ণগঞ্জ শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। গতকাল শনিবার শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ হয়।শহর বিএনপির সহসভাপতি জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির আইনবিষয়ক সহসম্পাদক ও জেলা বিএনপির সভাপতি তৈমুর আলম খন্দকার, শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল, বিএনপির নেতা জান্নাতুল ফেরদৌস, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মাকসুদুল আলম খন্দকার, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক গিয়াসউদ্দিন প্রধান প্রমুখ।সমাবেশে বক্তারা বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষ দিশেহারা। গ্যাস, বিদ্যুৎ ও পানিসংকটের কারণে জনগণের নাভিশ্বাস উঠেছে। এই মুহূর্তে বাড়ানো হয়েছে বিদ্যুতের মূল্য। এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত বিএনপি রাজপথ ছাড়বে না। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।বক্তারা আরও বলেন, ভোটের রাজনীতির কারণে ফতুল্লাকে প্রস্তাবিত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে বাদ দেওয়ার চক্রান্ত চলছে। তবে তা কখনো মেনে নেওয়া হবে না।