বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বিএনপির বিক্ষোভ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল শনিবার ২৬ ফেব্রুয়ারি সারা দেশে বিক্ষোভ কর্মসূচি পালন করবে বিএনপি। তবে ঢাকা ও চট্টগ্রাম মহানগরে এই কর্মসূচি পালিত হবে না।গতকাল বৃহস্পতিবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর দুই দফা বিদ্যুতের দাম বেড়েছে। সর্বশেষ ১ ফেব্রুয়ারি সরকার বিদ্যুতের দাম বাড়ায়।সংবাদ সম্মেলনে বলা হয়, একবারে বিদ্যুতের দাম পাঁচ শতাংশের বেশি বাড়ানো উচিত নয়। কিন্তু এই সরকার প্রথমবার প্রায় ২৯ শতাংশ এবং ২০১১ সালে দুবারে ১৮ শতাংশ দাম বাড়ানোর কথা বলেছে। এতে সাধারণ মানুষের ওপর খরচের বোঝা চেপে বসবে। দলটি দাবি করেছে, এনার্জি রেগুলেটরি কমিশন সততা ও স্বচ্ছতা নিয়ে বিদ্যুতের দাম বাড়ায়নি।সংবাদ সম্মেলনে বলা হয়, ব্যয় বাড়িয়ে যেভাবে বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে, তাতে দেশের মানুষ ভবিষ্যতে মারাত্মক ক্ষতির মধ্যে পড়বে। দ্রুত বিদ্যুৎ উৎপাদনে সরকারের নেওয়া পদক্ষেপ সাময়িক করার আহ্বান জানিয়ে দলটি বলেছে, ১৯৯৬ সালে করা বিদ্যুৎ বিভাগের মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে হবে।লিখিত বক্তব্যে বলা হয়, বর্তমান সরকারের অর্থনৈতিক সমীক্ষা ২০০৯ থেকে বিষয়টি স্পষ্ট যে বিদ্যুৎ-সংকটের জন্য বিএনপি দায়ী নয়। দায়ী গত তত্ত্বাবধায়ক সরকার। আর বর্তমান সরকারও সে পথেই হাঁটছে।সংবাদ সম্মেলনে জানানো হয়, বিশ্বকাপ ক্রিকেট চলাকালে বিএনপি ঢাকা ও চট্টগ্রামে কোনো কর্মসূচি দেবে না। বহির্বিশ্বে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিএনপি তার অবস্থান থেকে সর্বাত্মক চেষ্টা করবে।সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ এবং সাবেক বিদ্যুৎসচিব আ ন হ আখতার হোসেন।