বিদ্যুতের দাম বাড়ানোর সরকারি সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন। বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল শুক্রবার রাজধানীতে অনুষ্ঠিত সভা-সমাবেশে এ দাবি জানানো হয়। এ ছাড়া বিবৃতির মাধ্যমেও একই দাবি জানানো হয়।
সকালে ‘রামপাল বিদ্যুৎকেন্দ্র, সংশোধিত পিএসসি-২০১২ এবং বিদ্যুতের মূল্যবৃদ্ধি: আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভার আয়োজন করে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। পুরানা পল্টনের মুক্তিভবনে আয়োজিত এ সভায় জাতীয় কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ বলেন, আইএমএফ ও দেশি-বিদেশি ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় বিদ্যুতের দাম বাড়ানোর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ভুল নীতি ও দুর্নীতির মাধ্যমে সরকার জ্বালানি মন্ত্রণালয়কে তলাবিহীন ঝুড়ি বানিয়েছে।
সভায় অধ্যাপক তানজিমউদ্দিন খান বলেন, রামপালের বিদ্যুৎকেন্দ্র ছাড়াও ভূমিদস্যুদের তৎপরতা ঠেকাতে না পারলে সুন্দরবন রক্ষা করা যাবে না। সভায় আরও বক্তব্য দেন বিডি রহমতুল্লাহ, পিনাকী ভট্টাচার্য প্রমুখ।
জাতীয় প্রেসক্লাবের সামনে বিকেলে এক সমাবেশে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম সরকারের সমালোচনা করে বলেন, ১০০ দিনের মধুচন্দ্রিমার সময় (হানিমুন পিরিয়ড) শেষ হওয়ার আগেই বিদ্যুতের দাম বাড়িয়ে সরকার তার প্রথম উপহার দিয়েছে। তিনি বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে সিপিবি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত সমাবেশে সভাপতির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, এ দাম বাড়ানোর ফলে বাজারে সব জিনিসের দাম বাড়বে।
সমাবেশে আরও বক্তব্য দেন সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর আহমেদ, বাসদের নেতা বজলুর রশীদ প্রমুখ।
এ ছাড়া জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় মুক্তি কাউন্সিল। একই স্থানে সমাবেশ করে গণতান্ত্রিক বাম মোর্চা ও গণসংহতি আন্দোলন।
জাতীয় গণতান্ত্রিক লীগ গতকাল এক বিবৃতিতে বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে। বিজ্ঞপ্তি।
জামায়াতের বিক্ষোভ কর্মসূচি কাল: বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে আগামীকাল রোববার সারা দেশে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে জামায়াতে ইসলামী। দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।
তবে কখন, কোথায় এ কর্মসূচি পালিত হবে—তা বিবৃতিতে উল্লেখ করা হয়নি।