বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। গতকাল শুক্রবার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। দলটি বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে গণবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যায়িত করে। সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ অভিযোগ করেন, ক্ষমতাসীনেরা পুলিশ ও দলীয় ক্যাডার দিয়ে খুলনা অভিমুখের রোডমার্চ বানচালের চেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রোডমার্চের সমর্থনে মিছিল করার প্রস্তুতি নেওয়ার সময় সরকারি দলের সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এতে ছাত্রদলের ১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। রোডমার্চ ব্যাহত করার জন্য বাগেরহাট, ঝিনাইদহ ও ভেড়ামারায় পুলিশ হুমকি দিচ্ছে। প্রচারপত্র বিলি ও পোস্টার লাগাতে গেলে শারীরিকভাবে আক্রমণ করছে। গত মঙ্গলবার পাবনার দাশুরিয়ায় রোডমার্চের সমর্থনে পথসভার সময় সন্ত্রাসীরা হামলা চালায়। সংবাদ সম্মেলনে যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদ, ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সচিব আবদুস সালাম, সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ, আসাদুল করীম প্রমুখ উপস্থিত ছিলেন।