বিদ্যুতের মূল্যবৈষম্য দূর করার আহ্বান তাজুলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের দাম বাড়ানোর প্রক্রিয়াকে গরিব মারার ফাঁদ বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ তাজুল ইসলাম চৌধুরী। আজ বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বের পর অনির্ধারিত আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী আজ সংসদে বলেছেন বিদ্যুত্ সুবিধাপ্রাপ্ত জনগোষ্ঠীর বর্তমান হার ৬২ শতাংশ। তিনি বলেছেন, ২০২১ সালের মধ্যে সবার বাড়িতে বিদ্যুত্ পৌঁছে দেওয়া হবে।
তাজুল বলেন, এখন বিদ্যুতের দাম বৃদ্ধির জন্য গণশুনানি শুরু হয়েছে। আবাসিক খাতে ছয়টি ধাপের মধ্যে চরম বৈষম্য। দরিদ্রদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হচ্ছে। কিন্তু দরিদ্রদের জন্য আসলে ফাঁদ পাতা হয়েছে। তিনি এ প্রক্রিয়া বন্ধ করার অনুরোধ জানান।
তাজুল ইসলাম চৌধুরী বলেন, যে ছয়টি ধাপে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব করা হয়েছে সেখানে চরম বৈষম্য। আবাসিকের ছয়টি ধাপের তিনটি ধাপে নিম্ন আয়ের লোকজন। বিদ্যুতের দাম বৃদ্ধি পেলে নিম্ন আয়ের লোকজন চরম বিপদে পড়বে। নিম্ন আয়ের লোকজনের ক্ষেত্রে ৪০ ভাগ পর্যন্ত দাম বাড়বে।
বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, একেবারে নিচের ধাপে ০ থেকে ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুতের দাম তিন টাকা ৩৩ পয়সা থেকে চার টাকা ৭০ পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। দ্বিতীয় ধাপে চার টাকা ৭০ পয়সা থেকে ছয় টাকা এবং তৃতীয় ধাপে চার টাকা ৮৩ পয়সা থেকে ছয় টাকা ২৫ পয়সা পর্যন্ত বাড়ানোর কথা বলা হয়েছে। অথচ ধনী লোক যাঁরা এসি, ফ্রিজ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে প্রতি ইউনিটে মাত্র দুই পয়সা পর্যন্ত বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।