বিদ্যুতের যাওয়া-আসার খেলা, ভোগান্তিতে রোগীরা
এই আছে, এই নেই। থেমে থেমে বিদ্যুতের যাওয়া-আসা। রোগীদের ভোগান্তির শেষ নেই। গতকাল রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এমনই চিত্র চোখে পড়ল।
সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত আটবার বিদ্যুৎ যায়। একবার চলে গেলে তা কখনো ১০ মিনিট, আবার কখনো ১৫-২০ মিনিট স্থায়ী হয়। এমনি করে ছিল বিদ্যুতের যাওয়া-আসা।
গতকাল সাড়ে ১১টায় শিশু বহির্বিভাগের সামনে বাচ্চা কোলে শতাধিক মা বারান্দায় অপেক্ষায় করছিলেন। অসহ্য গরমে কান্নাকাটি করছিল শিশুরা। সন্তান কোলে নিয়ে চিকিৎসকের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা রোকসানা আক্তার বললেন, ‘এক ঘণ্টা থাকি লাইনোত দাঁড়ে আছি। ছাওয়াটা কাহিল হয়া পড়ছে।’
গঙ্গাচড়ার হাবু এলাকা থেকে সন্তানকে চিকিৎসা নিতে আসা রহিমা বেগম বলেন, ‘সাত সকালে উঠিয়া এই হাসপাতালোত আসছি। কিন্তু অ্যাটে (এখানে) আসিয়া দেখি খালি বিদ্যুৎ আইসে আর যায়।’
শিশু বহির্বিভাগের আবাসিক চিকিৎসক আকতার বানু বলেন, ‘ঘন ঘন বিদ্যুৎ যাওয়ায় রোগীদের ভোগান্তি তো আছেই। সেই সঙ্গে আমরাও নাজেহাল হয়ে পড়েছি।’
মেডিকেল টেকনোলজিস্ট পঙ্কজ চৌধুরী বলেন, এভাবে বিদ্যুৎ বিভ্রাটে যন্ত্রগুলোর আয়ু কমে যায়। আবার কখনো এসব যন্ত্রের ত্রুটি দেখা দেওয়ার সম্ভাবনা থাকে।
এদিকে বিদ্যুৎ বিভ্রাটের কারণে সব কটি লিফট বন্ধ রাখতে হয়। বিদ্যুৎ উৎপাদনের জন্য হাসপাতালে ৪০০ কেভি ক্ষমতাসম্পন্ন একটি নিজস্ব জেনারেটর থাকলেও তা দিয়ে লিফট চালানো যায় না বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। এ অবস্থায় সিঁড়ি বেয়ে রোগীদের একতলা থেকে পাঁচতলা পর্যন্ত ওঠানামা করা ছাড়া আর কোনো উপায় থাকে না।
বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা যায়, রংপুর নগরকে তিনটি অঞ্চলে ভাগ করে বিদ্যুৎ বিতরণ করা হয়। গতকাল বিদ্যুতের যাওয়া-আসার সমস্যা শুধু বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এ ছিল। রংপুর বিদ্যুৎ বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী গোলাম মর্তুজা বলেন, ‘ঢাকা থেকেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করা হয়ে থাকে। এর ফলে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হচ্ছে।’