বিদ্যুতের লাইন টানতে গাছ কাটার প্রস্তুতি
পক্ষিশালা গড়ে তুলতে একদিকে গাছ লাগানো হচ্ছে, অন্যদিকে সেই পক্ষিশালার জন্য বিদ্যুৎ সরবরাহ লাইন টানতে শতাধিক গাছ কাটার প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্র জানায়, চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা সেগুনবাগান এলাকায় চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জের কোদালা বন বিটের আওতায় ৫২০ একর বনভূমিতে পক্ষিশালা গড়ে তোলা হচ্ছে। এখন যেখানে বিদ্যুৎ সরবরাহের কাজ চলছে। বন বিভাগ সূত্র জানায়, প্রায় ৩৩ কোটি টাকা ব্যয়ে ২০০৯ সালে পক্ষিশালা গড়ে তোলার কাজ শুরু হয়। পক্ষিশালায় এখন দেওয়া হচ্ছে বিদ্যুতের সংযোগ। কিন্তু লাইন টানার জন্য এই পক্ষিশালার শতাধিক সেগুনগাছ কেটে ফেলার আয়োজন চলছে। আগামী দুই-তিন দিনের মধ্যে শুরু হবে গাছ কাটা। পল্লী বিদ্যুৎ সমিতি সূত্র জানায়, পক্ষিশালার জন্য সাড়ে চার কিলোমিটার বিদ্যুতের লাইন টানার কাজ চলছে।
জামাল এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান এই কাজ করছে। লাইন টানার জন্য পক্ষিশালায় ১২টি খুঁটি স্থাপন করা হয়েছে। আরও ১৫-১৬টি খুঁটি স্থাপনের কাজ চলছে। তার টানার জন্য কিছু গাছ কেটে ফেলার প্রস্তুতি নেওয়া হয়েছে। ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক জিয়াউর রহমান বলেন, বিদ্যুৎ সংযোগের জন্য খোলা তার ব্যবহার করা হবে। আবরণযুক্ত তার হলে গাছ কাটতে হতো না।
পল্লী বিদ্যুৎ সমিতি-২ রাঙ্গুনিয়া কার্যালয়ের উপব্যবস্থাপক হুমায়ুন কবির বলেন, ‘কাজটি সমিতির কেন্দ্রীয় কার্যালয়ের তত্ত্বাবধানে রয়েছে। এতে খোলা তার, নাকি আবরণযুক্ত তার টানার শর্ত রয়েছে তা আমার জানা নেই।’
চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের রাঙ্গুনিয়া রেঞ্জ কর্মকর্তা জহুরুল হক বলেন, আবরণযুক্ত তার শতাধিক গাছের চেয়ে মূল্যবান নয়। পরিবেশরক্ষায় গাছ কাটতে বাধা দেওয়া হবে।