বিদ্যুতের লো-ভোল্টেজে এমআরআই সেবা বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের লো-ভোল্টেজের কারণে ২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে এমআরআই মেশিন চালু করা যাচ্ছে না। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে রোগীদের। প্রায় চার মাস ধরে জেনারেল হাসপাতালে বিদ্যুতের ভোল্টেজ সমস্যা চলছে। ২২০ ভোল্টের পরিবর্তে হাসপাতালে ১৮০ ভোল্ট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, এক মাস ধরে এমআরআই মেশিন চালানো সম্ভব হচ্ছে না। লো-ভোল্টেজের কারণে আলট্রাসাউন্ড মেশিন চালাতে গিয়ে দুটি ইউপিএস নষ্ট হয়েছে। সংশ্লিষ্ট চিকিৎসকদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই সপ্তাহ ধরে আলট্রাসাউন্ড মেশিন বন্ধ রাখা রয়েছে।
২৫০ শয্যার চট্টগ্রাম জেনারেল হাসপাতালে দিনে গড়ে ১৬৫ থেকে ১৮০ জন রোগী ভর্তি থাকেন। এর মধ্যে প্রতিদিন গড়ে ২৫ জন রোগীর আলট্রাসনোগ্রাফি করা হয়। এমআরআই করতে হয় চার থেকে পাঁচজন রোগীর।
জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক মুরশিদ আরা বেগম প্রথম আলোকে বলেন, ভোল্টেজ সমস্যার সমাধানের জন্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। হাসপাতালে বিদ্যুতের যে ট্রান্সফরমার রয়েছে, সেটির ক্ষমতা বাড়ানোর জন্যও সুপারিশ করা হয়েছে।
হাসপাতালের দোতলায় আলট্রাসনোগ্রাফি বিভাগের দরজায় এই সেবা সাময়িক বন্ধ রয়েছে বলে বিজ্ঞপ্তি টাঙানো হয়েছে। বিভাগের চিকিৎসক মো. আনোয়ার পাশা বলেন, ‘লো-ভোল্টেজের কারণে মেশিন চালানো সম্ভব হচ্ছে না। এটি আমরা তত্ত্বাবধায়ককে জানিয়েছি। তিনি ওপরে লিখেছেন।’
গত শনিবার হাসপাতালে গিয়ে কথা হয় মেডিসিন বিভাগের রোগী হোসনে আরা বেগমের সঙ্গে। তিনি একটি বেসরকারি রোগনির্ণয়কেন্দ্র থেকে আলট্রাসনোগ্রাফি করিয়েছেন বলে জানান। জহির আহমদ নামে আরেক রোগীকে এক দিন আগে আলট্রাসনোগ্রাফি করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাসপাতালে এই পরীক্ষার ব্যবস্থা না থাকায় তিনি অন্যত্র পরীক্ষা করবেন বলে জানান।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, বিদ্যুৎ সরবরাহ করার জন্য এখানে একটি ট্রান্সফরমার রয়েছে। হাসপাতালের পরিধি বাড়ার কারণে ওই ট্রান্সফরমার এখন পূর্ণমাত্রায় ভোল্টেজ দিতে পারছে না। এ কারণে মন্ত্রণালয়ের কাছে ট্রান্সফরমারের জন্য আবেদন করা হয়েছে। ওই ট্রান্সফরমার স্থাপনে কারিগরি সহায়তা দেবে গণপূর্ত বিভাগ।
জানতে চাইলে গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুল হক বলেন, প্রাথমিকভাবে যে ট্রান্সফরমার ওখানে রয়েছে সেটির কিছু মেরামতকাজ করা হচ্ছে। পরে যদি মন্ত্রণালয় নতুন ট্রান্সফরমার অনুমোদন করে তাহলে তা বসানো হবে।
হাসপাতাল সূত্র জানায়, ট্রান্সফরমার থেকে যেসব সংযোগ (কেব্ল) হাসপাতালে গেছে, সেগুলো মেরামত করার চেষ্টা করা হচ্ছে। ঝড়-বৃষ্টিতে সংযোগ কেব্লগুলোর মধ্যে কার্বন জমেছে। এসব কেব্ল পরিবর্তন করা হলে বিদ্যুতের ভোল্টেজের উন্নতি হবে বলে আশা করছেন প্রকৌশলীরা।
গণপূর্ত বিভাগের উপসহকারী প্রকৌশলী ফজলুল কবির বলেন, ট্রান্সফরমারের প্রাথমিক সংস্কারকাজ শুরু হয়েছে। এতে কিছুটা সুফল পাওয়া যাবে। এ বিষয়ে পিডিবির পাথরঘাটা বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী কামাল আহমেদ বলেন, ‘ট্রান্সফরমারটির কিছু সমস্যা রয়েছে বলে শুনেছি। ভোল্টেজের যে সমস্যা সেটি দেখার দায়িত্ব গণপূর্তের।’